বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আসন্ন ২০১৫-১৭ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকা গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ভোটারের সংখ্যা ২ হাজার ১৯৩ জন।
তালিকাটি এফবিসিসিআইয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। ২৫ মে অনুষ্ঠিত হবে সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন।
অ্যাসোসিয়েশন ও চেম্বার—এ দুই গ্রুপ থেকে মনোনীত ভোটাররা এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোট দিতে পারেন। প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার অ্যাসোসিয়েশন গ্রুপে ৩৫৫টি অ্যাসোসিয়েশনের ভোটারসংখ্যা ১ হাজার ৭৬৩ জন। অন্যদিকে ৭৮টি চেম্বারের পক্ষে ভোট দেবেন ৪৩০ জন।
তবে ভোটার তালিকা নিয়ে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। সূত্র বলছে, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাশেম আহমেদ এবার সাতক্ষীরা চেম্বারের পক্ষ থেকে ভোটার হয়েছেন। অথচ এর আগে সব সময়ই তিনি টাঙ্গাইল চেম্বারের হয়ে ভোটার হয়েছেন। এই চেম্বারের প্রতিনিধিত্ব করেই তিনি সহসভাপতিও ছিলেন।
এফবিসিসিআইয়ের আরেক সাবেক সহসভাপতি কামাল উদ্দিন কক্সবাজার চেম্বারের ভোটার হিসেবেই পরিচালক ও সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন, এবার তিনি কুড়িগ্রামের ভোটার।
আবার নাগিবুল ইসলাম নেত্রকোনা চেম্বার থেকে ভোটার এবং পরবর্তী সময়ে পরিচালক হলেও এবার তিনি ভোটার হয়েছেন মেহেরপুর চেম্বার থেকে।
যোগাযোগ করা হলে কুড়িগ্রাম চেম্বারের সভাপতি চৌধুরী সফিকুল ইসলাম বলেন, আগেও কামাল উদ্দিন এই চেম্বারের সভাপতি হয়েছেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একটি ট্রেড লাইসেন্স থাকলেই বাংলাদেশের যে কেউ যেকোনো চেম্বারের সভাপতি হতে পারেন।’
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।