এফবিসিসিআইর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা বিধি ও পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি আজ সোমবার শুরু হয়েছে। বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপাসিটি বিল্ডিং অব অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতা করছেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। আজ বেলা ১০টায় এফবিসিসিআইর সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা আজাদ চৌধুরী বলেন, দক্ষ সংগঠন ব্যবস্থাপনা ও জেলাভিত্তিক চেম্বারের দক্ষতা বৃদ্ধি (ক্যাপাসিটি বিল্ডিং) দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিশেষ অবদান রাখে। বিষয়টি খাতভিত্তিক সমস্যা ও সম্ভাবনা যাচাই করতে সাহায্য করে। তিনি আরও বলেন, সচিবালয়ের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ জনবলের বিকল্প নাই। আর এ লক্ষ্যে এফবিসিসিআইর অধিভুক্ত ৭২টি জেলা চেম্বার ও ২৯১টি খাতভিত্তিক অ্যাসোসিয়েশনসহ ৩৮২টি সংগঠনকে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।মোস্তফা আজাদ আরও বলেন, দেশের ব্যবসায়িক সংগঠনগুলো ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্লাটফর্ম হিসেবে কাজ করে। বাণিজ্য সংগঠনগুলো অবকাঠামোগত ও লোকবলে সমৃদ্ধ হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আর তাই চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর দক্ষতা বৃদ্ধির লক্ষে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা খুবই জরুরি।এফবিসিসিআই এবং বিভিন্ন চেম্বার্স ও অ্যাসোসিয়েশনগুলোর ভূমিকা ও উদ্দেশ্য, অফিস ব্যবস্থাপনা: অর্গানোগ্রাম ও বিভাগসমূহ, প্রকাশনা ও সংবাদমাধ্যম, বাণিজ্যিক সংগঠন অরডিন্যান্স, বাজেট প্রস্তুতি, নেটওয়ার্ক ও তথ্য সংগ্রহ, আন্তর্জাতিক সম্পর্ক, সচিবালয়ের ক্যাপাসিটি বিল্ডিং, পলিসি পেপার প্রস্তুত, সংগঠনের আয় বৃদ্ধির খাতসমূহ, পরিকল্পনা ও গবেষণা প্রভৃতি বিষয়ের ওপর দুটি ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ২৯ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিয়েছেন।এ সময় এফবিসিসিআইর মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ ও উপদেষ্টা মনজুর আহমেদ উপস্থিত ছিলেন। এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।