এফবিসিসিআইর নির্বাচনী আচরণবিধি জারি করা হয়েছে
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের জন্য বুধবার নির্বাচনী আচরণবিধি জারি করেছে নির্বাচন বোর্ড।বাণিজ্য মন্ত্রণালয়ের ২০০৩ সালের গেজেট, এফবিসিসিআইর সংঘবিধি এবং নির্বাচনী নোটিশ অনুযায়ী সংশ্লিষ্টদের এ আচরণবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ করেছে বোর্ড। নইলে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বোর্ড।তফসিল অনুযায়ী, ২৪ নভেম্বর পরিচালক পদে এবং ২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন হবে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ আলী আশরাফের সই করা আচরণবিধি অনুযায়ী, নির্বাচন উপলক্ষে বিজ্ঞাপন দেওয়া, পোস্টার, চিকা কিংবা ব্যানার ব্যবহার করা যাবে না; মিছিল করা বা স্লোগান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ; ভোটারদের কাছে শুধু সাদাকালো প্রচারপত্র (এ-চার মাপের কাগজে) পাঠানো যাবে।এতে আরও বলা হয়েছে, কোনো উপঢৌকন পাঠানো যাবে না; কোনো প্রার্থী একক কিংবা দলবদ্ধভাবে হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী ও পরিচিতি সভা অনুষ্ঠান, ভোটারদের আপ্যায়নের আয়োজন এবং তাতে অংশ নিতে পারবেন না; প্রতিপক্ষকে আক্রান্ত বা কটাক্ষ করে কোনো প্রচারণা চালানো যাবে না।