এফবিসিসিআইয়ের এসএমই মেলা ২০ ডিসেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের ব্যবসায় উৎসাহী করতে ২০ ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে এসএমই মেলা। পাঁচ দিনের এ মেলার আয়োজন করছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই।ওই দিন সকালে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার প্রতিপাদ্য ‘একই সঙ্গে এসএমই ও জাতির অগ্রগতি’।গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মেলায় বিভিন্ন পণ্যের প্রদর্শনীর পাশাপাশি সেমিনার অনুষ্ঠান ও সফল উদ্যোক্তাদের এফবিসিসিআইয়ের এসএমই পদকও দেওয়া হবে।সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, প্রথম সহসভাপতি ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এ কে আজাদ বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের বেশ অবদান থাকলেও এ খাতে বিভিন্ন সমস্যা রয়ে গেছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের এখনো ব্যবসায় উৎসাহী করা যাচ্ছে না। নারীদের অংশগ্রহণ বাড়াতে না পারলে এসএমই শিল্পের বিকাশ ঘটানো যাবে না। সে ধরনের একটি স্লোগান মেলায় থাকবে বলে তিনি জানান।এ কে আজাদ বলেন, মেলা থেকে পণ্যভিত্তিক এলাকা গড়ে তোলার গুরুত্বও তুলে ধরা হবে। যেমন, ইতিমধ্যেই সাভারে ট্যানারি স্থানান্তরে কাজ শুরু হয়েছে। ওষুধ শিল্পের আলাদা পার্ক করা হচ্ছে।তবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন এফবিসিসিআইয়ের সভাপতি। তিনি বলেন, বাজেটে ১১টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে প্রস্তাব করা হয়েছে। কিন্তু সে বিষয়ে কোনো বাস্তব পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।সংবাদ সম্মেলনে জানানো হয়, এ মেলার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি ও প্রচার, পারস্পরিক যোগসূত্র স্থাপন, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসএমই পণ্যের প্রসার বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা হবে। বিভিন্ন ব্যাংকও এ মেলায় অংশ নিয়ে এসএমই বিষয়ে তাদের উদ্যোগ ও সহজে ঋণ পাওয়ার বিষয়ে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে পারস্পরিক আলোচনা করবে।এবারের মেলায় ১৩১টি স্টল ও ১৯টি প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে ৬৪টি উদ্যোক্তা প্রতিষ্ঠান ও ৩৪টি ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। যেসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে সেগুলো হলো: প্লাস্টিক, আসবাবপত্র, বস্ত্র, হস্তজাতশিল্প, পাটপণ্য, বৈদ্যুতিক তার, জেনারেটর, খাদ্য, তৈজসপত্র, শাড়ি, লুঙ্গি, বিস্কুট, সিরামিক, হালকা প্রকৌশল, রেফ্রিজারেশন, ছাপার কালি, স্প্রিং ও ফিল্টার, সেনেটারি-সামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক, সফটওয়্যার, কলসেন্টার, পর্যটন প্রভৃতি।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।উল্লেখ্য, এফবিসিসিআই ২০০২ সালে প্রথম এসএমই মেলার আয়োজন করে। এরপর ২০০৫, ২০০৬ ও ২০০৯ সালেও এ মেলা অনুষ্ঠিত হয়।