এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফবিসিসিআইয়ের নির্বাচন গতকাল রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়। ভবনের সামনে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান তাঁদের সমর্থকেরা l ছবি: প্রথম আলো
এফবিসিসিআইয়ের নির্বাচন গতকাল রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়। ভবনের সামনে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান তাঁদের সমর্থকেরা l ছবি: প্রথম আলো

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ সাল মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার ঢাকায় মতিঝিলের ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়েছে। তবে রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।
সকাল নয়টায় শুরু হয়ে বিকেল পাঁচটা ৫ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান দাবি করলেও দিনভরই সমর্থকেরা প্রার্থীদের পক্ষে যেমন মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন, তেমনি তাঁদের মধ্যে উত্তেজনাও ছিল। ভোটারদের কাছে ভোট চাওয়া নিয়ে সকাল ১০টার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
এসব বিষয়ে জানতে চাইলে আলী আশরাফ বলেন, এমন একটি নির্বাচন হলে উত্তেজনা তো হবেই। ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল।
নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৭৬৬ জনের মধ্যে ১ হাজার ৫৩৩ জন ও চেম্বার গ্রুপের ৪৩৬ জন ভোটারের মধ্যে ৪১৮ জন ভোট দিয়েছেন। মোট ২ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯৫১ জন ভোট দেন। ভোট পড়েছে প্রায় ৮৯ শতাংশ।
এবারের নির্বাচনে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচালক পদপ্রার্থীরা। এর মধ্যে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ উন্নয়ন পরিষদ, এফবিসিসিআইয়ের বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেম হোসাইন ও শাফকাত হায়দার ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দেন।
এবারে এফবিসিসিআইয়ের পর্ষদে পরিচালকের সংখ্যা হবে ৫২। এর মধ্যে অ্যাসোসিয়েশন আর চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হবেন ১৬ জন করে ৩২ জন পরিচালক। গতকাল তাঁদের নির্বাচিত করার জন্যই ভোট গ্রহণ করা হয়। এর বাইরে ২০ জন পরিচালক আসবেন সরকার মনোনীত অ্যাসোসিয়েশন-চেম্বার থেকে। তাঁরা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। এই পরিচালকদের মধ্য থেকে ভোটের মাধ্যমে কাল সোমবার এফবিসিসিআইয়ের সভাপতি এবং দুই সহসভাপতি নির্বাচিত হবেন। এবার সভাপতি ও সহসভাপতি চেম্বার গ্রুপ এবং প্রথম সহসভাপতি অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত হবেন।