এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশনের (এফবিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন।এফবিসিসিআইয়ের ২০১২-১৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের তফসিল গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়।তফসিল ঘোষণার জন্য গতকাল দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইর কার্যালয়ে সভা করে এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সাংসদ মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের সদস্য শাহেদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।তফসিল অনুযায়ী, এফবিসিসিআইয়ের সদস্যদের চাঁদা পরিশোধের শেষ তারিখ ২৩ আগস্ট। ২৫ আগস্ট পর্যন্ত সাধারণ পরিষদের সদস্য মনোনয়নপত্র গ্রহণ করা যাবে। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হবে ৩০ আগস্ট আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ১০ সেপ্টেম্বর। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২১ অক্টোবর পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২৩ অক্টোবর সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।নির্বাচনী তফসিল এফবিসিসিআইয়ের সদস্য সংস্থাগুলোর কাছে কুরিয়ার করে পাঠানো হবে। এরই মধ্যে তা এফবিসিসিআইয়ের নোটিশ বোর্ডেও দেওয়া হয়েছে। অবশ্য ওয়েবসাইটে (www.fbcci-bd.org) এখনো নির্বাচনী তফসিল দেওয়া হয়নি। তবে আজ শুক্রবার তা দেওয়া হতে পারে।