নির্বাচন বোর্ডকে গোপন ব্যালটে ভোট অনুষ্ঠানে দেওয়া চিঠি প্রত্যাহার করল পর্ষদ
এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর
আবারও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন অনুষ্ঠানে গঠিত বোর্ড। এ নিয়ে দ্বিতীয় দফা তফসিল ঘোষণা করা হলো।নতুন তফসিল অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদে এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচন বোর্ড নতুন তফসিল ঘোষণা করে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের সদস্য শাহেদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক দিলীপ উপস্থিত ছিলেন।এর আগে গত ২ আগস্ট ঘোষিত নির্বাচন বোর্ডের তফসিল অনুযায়ী, ২১ অক্টোবর এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।নতুন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৬ সেপ্টেম্বরের মধ্যে চাঁদা পরিশোধ; ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাধারণ পরিষদ সদস্য/ভোটার মনোনয়ন নেওয়া; আগামী ৪ অক্টোবর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ; ১৬ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২১ অক্টোবরের মধ্যে পরিচালক পদের মনোনয়নপত্র দাখিল করতে হবে। ২৯ নভেম্বর ২০১২ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।পরিচালনা পর্ষদের সভা: গতকাল সোমবার এফবিসিসিআইয়ের কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ড গঠনের আগে পর্ষদের সভায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য বোর্ডকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়েছিল। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন বোর্ড গঠনের পর একটি চিঠি দিয়ে তা জানানো হয়। তবে গতকালের পর্ষদ সভায় সে চিঠি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়।সভা শেষে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ সাংবাদিকদের বলেন, ‘আমরা যে চিঠিটি নির্বাচন বোর্ডকে দিয়েছিলাম, সে বিষয়ে তিনজন বিশিষ্ট আইনবিদের মতামত চাওয়া হয়। তাঁরা পরামর্শ দিয়েছেন, আইনত এফবিসিসিআইয়ের পর্ষদ এ ধরনের সুপারিশ করতে পারে না। তাঁরা ওই চিঠি প্রত্যাহার করারও পরামর্শ দিয়েছেন। তাই আমরা ওই চিঠি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন বোর্ড একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করবে।’জানা গেছে, গত ২ আগস্ট নির্বাচন বোর্ডের জারি করা নির্বাচনী নোটিশের ২০ নম্বর অনুচ্ছেদে গোপন ব্যালটের বিধান সংযোজন করা হয়। গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নির্বাচন বোর্ড তা বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও চেম্বারের কাছে নোটিশ ও তফসিল পাঠিয়েছে।সূত্র জানায়, গত ৩০ আগস্ট অনুষ্ঠিত এফবিসিসিআইয়ের ১৩তম নিয়মিত সভার এজেন্ডায় না থাকলেও গোপন ব্যালটের বিধান বাতিল করা যায় কি না এবং করলে পর্ষদ আইনি জটিলতায় পড়বে কি না, তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এ জন্য আইনবিশেষজ্ঞদের মতামত চাওয়া হয়।এদিকে নির্বাচনে গোপন ব্যালট তুলে দিয়ে হাত তুলে ভোট দেওয়া এবং এটি করা না হলে নির্বাচন স্থগিত করে এফবিসিসিআইয়ে প্রশাসক নিয়োগ করা হবে—সংগঠনের সভাপতির সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে সাবেক সভাপতি সালমান এফ রহমান এমন কথা বলেছেন। সকাল থেকেই এমন একটি গুজব ছিল এবং সাংবাদিকদের মুঠোফোনেও এ বিষয়ে খুদেবার্তা পাঠানো হয়।অবশ্য এ বিষয়ে জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, বিষয়টি সঠিক নয়।