এফবিসিসিআইয়ের নির্বাচন ১৭ জুন
দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার নির্বাচনী বোর্ডের সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এফবিসিসিআই সূত্র জানায়, সভায় নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ, সদস্য ব্যবসায়ী নেতা প্রবীর কুমার সাহা ও আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন। সভায় আজ সোমবার আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অন্যদিকে এফবিসিসিআইয়ের অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) বাণিজ্য সংগঠনের সংঘবিধি সংস্কার প্রত্যাখ্যান করে যে সিদ্ধান্ত নেওয়া হয়, বাণিজ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় গতকাল তা বাতিল করে দিয়েছে।সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠনের সংঘবিধি সংস্কার করে দুটি গেজেট প্রকাশ করে। ওই গেজেট বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এফবিসিসিআইয়ের সংঘবিধি সংশোধনী প্রস্তাব গত ২৮ ফেব্রুয়ারি অতিরিক্ত সাধারণ সভায় উত্থাপন করা হয়।তবে সভায় সরকারের সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। সভার সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়কেও জানানো হয়।