দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দুই বছর মেয়াদি নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ঢাকায় এফবিসিসিআই ভবনে সকাল নয়টা থেকে কোনো বিরতি ছাড়াই বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শনিবার রাতে ভোট গণনা শেষ হলে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তারপর বিজয়ী ও মনোনীত ৪৪ জন পরিচালক মিলে আগামী সোমবার বিকেল চারটায় সংগঠনের সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। জানা গেছে, ৪৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৮টি পদে সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৪ জন করে নির্বাচিত হবেন। এ ছাড়া আট চেম্বার থেকে আটজন ও আটটি সমিতি থেকে আটজন নিজস্ব সংগঠন দ্বারা পরিচালক মনোনীত হয়েছেন। এবার সরাসরি ভোটের জন্য চেম্বার গ্রুপ থেকে ২০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৬ জন প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার মোট ভোটার সংখ্যা এক হাজার ৩৪০ জন। এর মধ্যে চেম্বার গ্রুপের ভোটার ৩৫১ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটার ৯৮৯ জন। এবার চেম্বার গ্রুপ থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রথম সহসভাপতি নির্বাচিত হবেন।