এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দুই বছর মেয়াদি নির্বাচনে গতকাল শনিবার ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে প্রায় ৯৭ শতাংশ ভোট পড়েছে। ঢাকার মতিঝিলে এফবিসিসিআই ভবনে সকাল নয়টা থেকে কোনো বিরতি ছাড়াই বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। প্রায় ৯১ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, এক হাজার ৬৯১ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৪০ জন ভোট দিয়েছেন। এর মধ্যে চেম্বার গ্রুপের ৩৫১ জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোট প্রদান করেন। অর্থাৎ ভোট প্রদানের হার ৯৭ শতাংশের বেশি। অ্যাসোসিয়েশন গ্রুপে এক হাজার ৩৪০ জন ভোটারের মধ্যে এক হাজার ১৯৯ জন ভোট প্রদান করেন। অর্থাৎ ভোট প্রদানের হার প্রায় ৯০ শতাংশ।তবে এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে মতিঝিল এলাকায় যানজটের সৃষ্টি হয়। একদিকে ফেডারেশন ভবনের সীমিত জায়গা। তাই বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে রাস্তার ওপর অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়। আর বিভিন্ন প্রার্থীর পক্ষে রাস্তায় দাঁড়িয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেছে অনেককে। ফলে মতিঝিলের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে ভোটার বিশেষ করে বয়স্ক ভোটারদের কেন্দ্রস্থলে পৌঁছাতে বেশ সমস্যা হয়। ব্যবসায়ী নেতাদের অনেকেই এসব সমস্যা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মতো প্রশস্ত জায়গায় ভোট গ্রহণ আয়োজনের দাবি করেন। ভোটার ও বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, নির্বাচনে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে। এবারের নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং প্রথম সহসভাপতি পদে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়্যারম্যান মো. জসিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এই দুজন একটি পূর্ণাঙ্গ প্যানেলও দিয়েছেন।অন্যদিকে এফবিসিসিআইয়ের সহসভাপতি আবু আলম চৌধুরীর নেতৃত্বে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আরেকটি পূর্ণ প্যানেল দেওয়া হয়। জানা গেছে, এই প্যানেলকে বর্তমান সভাপতি আনিসুল হক সরাসরি না হলেও নেপথ্যে সমর্থন দেন। তিনি এ প্যানেলের জন্য বিভিন্ন ভোটারের কাছে ভোটও চেয়েছেন বলে বিভিন্ন ব্যবসায়ী নেতারা জানান। অন্যদিকে চেম্বার গ্রুপ থেকে এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদসহ ছয়জন একটি খণ্ডিত প্যানেল প্রদান করেন। এ প্যানেলকে সমর্থন দান করে প্রার্থীদের জন্য ভোট চেয়েছেন বলে এফবিসিসিআইয়ের বর্তমান প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ। জানা গেছে, ৪৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৮টি পদে সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৪ জন করে নির্বাচিত হবেন। এ ছাড়া আট চেম্বার থেকে আটজন ও আটটি সমিতি থেকে আটজন নিজস্ব সংগঠন দ্বারা ইতিমধ্যে পরিচালক মনোনীত হয়েছেন। এবার সরাসরি ভোটের জন্য চেম্বার গ্রুপ থেকে ২০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৪ জন প্রার্থী হয়েছেন।গতকালের নির্বাচনে বিজয়ী ২৮ জন ও মনোনীত ১৬ জন মোট ৪৪ জন পরিচালক মিলে আগামীকাল সোমবার বিকেল চারটায় সংগঠনের সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। এবার চেম্বার গ্রুপ থেকে সভাপতি ও সহসভাপতি এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রথম সহসভাপতি নির্বাচিত হবেন।এদিকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান গতকাল বিকেলে এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোটাভুটির কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে নির্বাচন কমিশনার সাখাওয়াৎ হোসেন এবং জানিপপের নাজমুল আহসান কলিমুল্লাহ নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোটগণনা চলছিল।