এফবিসিসিআইয়ের নির্বাচনে সরাসরি ভোটের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি ও সহসভাপতি পদে সরাসরি ভোটে নির্বাচনের অধিকার দাবি করেছেন সংগঠনের সহস্রাধিক ভোটার। তাঁদের মতে, সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত করার ক্ষমতা না থাকায় ক্রমেই এখানে সরকারের হস্তক্ষেপ বাড়ছে। তাঁরা মনোনীত পরিচালকের বিধানটিরও বাতিল চেয়েছেন।রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার রাতে গণতান্ত্রিক পরিষদ আয়োজিত ঈদ-পুনর্মিলনীতে বিভিন্ন ব্যবসায়ী চেম্বার ও সমিতির নেতারা এ কথা বলেন। ঈদ-পুনর্মিলনী বলা হলেও পুরো অনুষ্ঠানই ছিল আসন্ন নির্বাচনকেন্দ্রিক। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক এই গণতান্ত্রিক পরিষদের নেতৃত্বে রয়েছেন। সরাসরি ভোটে নির্বাচনের দাবি আদায়ে পরিষদ কর্মসূচিও ঘোষণা করেছে।অবশ্য সভাপতি থাকাকালে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন আনিসুল হক। আগামী ২৪ নভেম্বর এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কাজী আকরাম নিজেকে সভাপতি পদে প্রার্থী ঘোষণা করে বলেন, ‘এফবিসিসিআই গণতান্ত্রিকভাবে চলুক, আপনারা তা চেয়েছেন। আমিও গণতন্ত্রের পক্ষের লোক।’পরে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আকরাম নিজেই বললেন, তিনি গণতন্ত্র চান। তাহলে যে ভদ্রলোক বাজারে ছড়িয়ে বেড়াচ্ছেন যে, ভোটের মাধ্যমে নয়, হাত উঠিয়ে তাঁকে সভাপতি করব, তিনি কেন এসব কথা বলছেন?’দেশের অর্থনীতির ভঙ্গুরতার কথা উল্লেখ করে অর্থমন্ত্রীর সমালোচনা করেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘শেয়ারবাজার তো গেছে। এখন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা একজনকে দিয়ে বলা হচ্ছে এটা কোনো বিষয় না।’সাবেক পরিচালক খোরশেদ আলী মোল্লা এখনকার এফবিসিসিআইকে মৃতপ্রায় কঙ্কালের সঙ্গে তুলনা করে বলেন, ‘শেয়ারবাজারে কেলেঙ্কারি দেখেন, ব্যাংকের অর্থ কেলেঙ্কারি দেখেন। কোনো ইস্যুতে এফবিসিসিআইয়ের সভাপতি শক্ত কথা বলতে পারেন না। কারণ, তিনি মনোনীত পরিচালকদের ভোটে নির্বাচিত হয়েছেন। ’সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘আমার চাওয়া হলো, দলনিরপেক্ষ একটি সংগঠন গড়ে তোলা, যারা শুধু ব্যবসা-বাণিজ্য নিয়ে কাজ করবে। এফবিসিসিআইকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।’সরাসরি ভোটের বিধান করতে বর্তমান পর্ষদের অক্ষমতা স্বীকার করে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘আমরা সরাসরি ভোটাধিকার আনতে পারিনি। এটা আমাদের পক্ষে আনা সম্ভবও না। আগামী দিনে হয়তো এ বিষয়ে কিছু হতে পারে।’ তিনি বলেন, ‘যাঁরা এবার নির্বাচিত হবেন তাঁদের কাছ থেকে সম্মতি নেন কত দিনের মধ্যে তাঁরা এটা করতে পারবেন। আর না পারলে পদত্যাগ করবেন।’এফবিসিসিআইয়ের সদস্য ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আইসিসিবির বর্তমান সভাপতি মাহবুবুর রহমান, আবদুস সাত্তার, এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ , মানিকগঞ্জ চেম্বারের মাহবুবুল ইসলাম প্রমুখ।রূপরেখা ঘোষণা: সরাসরি ভোটের অধিকার প্রতিষ্ঠায় একটি রূপরেখা ঘোষণা করেন আনিসুল হক। ৩০ অক্টোবরের মধ্যে এ জন্য একটি সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। আগামী বছর ৩১ জানুয়ারির মধ্যে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। সারা দেশের জেলা ও বিভাগীয় চেম্বারগুলোতে সেমিনার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে। ৩০ জুন ব্যবসায়ীদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবটি দেওয়া হবে।আনিসুল হক বলেন, ‘এবারের নির্বাচনে গণতান্ত্রিক পরিষদের প্যানেল অংশ নিচ্ছে। এই প্যানেল থেকে অংশগ্রহণকারীদের কাছ থেকে মনোনয়নপত্রের সঙ্গে পদত্যাগপত্রও রাখা হবে। আমাদের সর্বশেষ কর্মসূচি হলো, ২০১৪ সালের মে মাসের মধ্যে যদি দাবি বাস্তবায়ন করা না হয়, তবে এই প্যানেলের সব পরিচালক একযোগে পদত্যাগ করবেন।’