এফবিসিসিআইয়ের নির্বাচনে ১০০ মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ১০০টি মনোনয়নপত্র জমা পড়েছে।পরিচালক পদে যাঁরা সরাসরি নির্বাচন করবেন তাঁদের মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৪০ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সরকার মনোনীত পরিচালক পদে চেম্বার থেকে নয়জন ও অ্যাসোসিয়েশন থেকে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠানে গঠিত বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন হবে। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হবে ২৯ নভেম্বর।এফবিসিসিআই সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের তালিকা শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হবে। প্রার্থীরা ঋণখেলাপি কিংবা করখেলাপি কি না, তা যাচাই-বাছাই করে দেখার জন্যই এ উদ্যোগ। এই দুটি প্রতিষ্ঠান থেকে প্রতিবেদন আসার পর ৪ নভেম্বর বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচনী বোর্ড। বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের প্রতিবেদনে কারও আপত্তি থাকলে আপিল করতে পারবেন প্রার্থীরা। আপিল নিষ্পত্তি শেষে ১১ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ১৫ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।প্যানেল: এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে নির্বাচিত পরিচালকের সংখ্যা ৩০। চেম্বার থেকে ১৫ আর অ্যাসোসিয়েশন থেকে ১৫ জন। আর সরকার মনোনীত পরিচালক ১৮ জন। সে হিসাবে, এই নির্বাচনে যে প্যানেল হবে তার সদস্যসংখ্যা ৩০ জন হওয়ার কথা।এফবিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, মোট মনোনয়ন জমা পড়েছে ৮২টি। সে হিসাবে, তিনটি প্যানেলে আগ্রহী ব্যবসায়ীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে সব প্যানেল গতানুগতিক পূর্ণাঙ্গ প্যানেল নয়। সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনের সম্ভাব্য তিনটি প্যানেলের একটির নেতৃত্বে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ। তাঁকে সভাপতি করার বিষয়ে সরকারের পক্ষ থেকে এক ধরনের সমর্থন আছে বলে জানা যায়। আর তাই সভাপতি পদে অন্য কাউকে নির্বাচন না করতেও বলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক ব্যবসায়ী নেতা।এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদ-সমর্থিত একটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। এর নেতৃত্বে আছেন এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালক ও সাবেক সহসভাপতি আবু আলম চৌধুরী। অবশ্য এই প্যানেল মূলত বিভিন্ন সমিতিকেন্দ্রিক।আরেকটি প্যানেলের নেতৃত্বে আছেন দেওয়ান সুলতান আহমেদ। মূলত বণিক সমিতি বা চেম্বার গ্রুপ থেকে প্যানেল দিচ্ছেন তিনি। ভোটার বেড়েছে: গত শনিবার রাজশাহী চেম্বারকে আপিল ট্রাইব্যুনাল ভোটার ঘোষণা করেছে। এতে চেম্বারটির মনোনীত প্রতিনিধি মোহাম্মদ আলী সরকার পরিচালক পদে নির্বাচন করার সুযোগ পেয়েছেন। এ ছাড়া কক্সবাজার চেম্বারকেও ভোটার করা হয়েছে। নতুন করে দুটি চেম্বারকে ভোটার করায় চেম্বার গ্রুপের ভোটার সংখ্যা বেড়েছে। এই গ্রুপের ভোটার সংখ্যা এখন ৩৯০ জন। আর অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটার এক হাজার ৬০৩ জন।