এফবিসিসিআইয়ের নেতৃত্বে তিন মনোনীত ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফবিসিসিআইয়ের (প্রথম সারিতে বাঁ থেকে) নতুন সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও সহসভাপতি মাহবুবুল আলম
এফবিসিসিআইয়ের (প্রথম সারিতে বাঁ থেকে) নতুন সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও সহসভাপতি মাহবুবুল আলম

দেশের শিল্পপতি-ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন সভাপতি ও দুই সহসভাপতি গতকাল সোমবার নির্বাচিত হয়েছেন। তাঁদের কেউই সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে আসেননি।
তিনজনই সরকার মনোনীত ব্যবসায়ী চেম্বার ও সংগঠন থেকে সরাসরি এফবিসিসিআইয়ের পরিচালক হয়েছেন। সেখান থেকেই এসেছেন শীর্ষ নেতৃত্বে।
এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। তিনি এসেছেন রাজশাহী চেম্বারের প্রতিনিধি হিসেবে।
এই মেয়াদের জন্য জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের বর্তমান সভাপতি মাহবুবুল আলম।
তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইয়ের সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ আলী আশরাফ গতকাল সোমবার তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২৮ মে।
এর আগে গত শনিবার অনুষ্ঠিত এফবিসিসিআইয়ের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ। ৩২টি পরিচালক পদের মধ্যে ২৫টিতে নির্বাচিত হন এই প্যানেলের প্রার্থীরা। এর বাইরে মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ থেকে চারজন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে তিনজন পরিচালক নির্বাচিত হন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ ফল ঘোষণার সময় জানান, সভাপতি ও দুই সহসভাপতি পদে একজন করে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার কারণে তাঁরা তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তবে নতুন এই শীর্ষ নেতৃত্ব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্যবসায়ীদের কেউ কেউ যেমন বলছেন, এই তিন নেতার কেউই তো নির্বাচিত নন। তাঁরা তো মনোনীত। ভিন্নমতও পাওয়া গেছে। সেটা হচ্ছে এবার তিনজন নেতাই প্রকৃতপক্ষে ব্যবসায়ী।
এবার এফবিসিসিআইয়ের পর্ষদে পরিচালকের সংখ্যা ৫২। এর মধ্যে অ্যাসোসিয়েশন আর চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন ১৬ জন করে ৩২ জন। আর ২০ জন পরিচালক এসেছেন বিনা নির্বাচনে।
নবনির্বাচিত সভাপতি মাতলুব আহমাদ বলেন, ‘নির্বাচনের আগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখন আরও ঐক্যবদ্ধ হয়েছি। যাঁরা হেরেছেন, তাঁদের নিয়েই এফবিসিসিআইকে শক্তিশালী করা হবে।’