এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা ছয়জন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদে সদস্যসংখ্যা ছয়জন বাড়িয়ে ৪৪ জন করা হয়েছে।এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৪ জন করে মোট ২৮ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন। অন্যদিকে দেশের শীর্ষ চেম্বার ও সমিতি থেকে আটজন করে মোট ১৬ জন নিজ নিজ সংগঠনের মনোনীত হয়ে পরিচালক হবেন। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) থেকে একজন করে পরিচালক মনোনীত হয়ে আসার বিধান রাখা হয়েছে।সরকার ১২ জানুয়ারি বাণিজ্য সংগঠনের সংঘবিধি সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা বাড়িয়েছে। সংঘবিধিতে আরও কিছু সংশোধনী আনা হয়েছে। পরিচালনা পর্ষদের মেয়াদ আগের মতোই দুই বছর রাখা হয়েছে। পরিচালকদের ভোটেই সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, এফবিসিসিআই ব্যতীত অন্য যেকোনো বাণিজ্য সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদনকারীকে চেম্বারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভৌগোলিক এলাকার এবং সমিতির ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের ট্রেড লাইসেন্সধারী হতে হবে। পরবর্তী সময়ে প্রতিবছর সংশ্লিষ্ট সংগঠন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ওই ট্রেড লাইসেন্স ও আয়কর বিবরণীর হালনাগাদ অনুলিপি দাখিল করতে হবে, তা না হলে সদস্যপদ বাতিল হয়ে যাবে।এফবিসিসিআইয়ের সদস্যদের অধিভুক্ত ফি ও বার্ষিক চাঁদার পরিমাণও বাড়ানো হয়েছে। ক শ্রেণীর চেম্বারের ন্যূনতম অধিভুক্তি ফি ৩৫ হাজার টাকা ও সমিতির ২৫ হাজার টাকা। এ ছাড়া ন্যূনতম বার্ষিক চাঁদা যথাক্রমে ৩৫ হাজার টাকা ও সমিতির ২৫ হাজার টাকা। এ ছাড়া খ শ্রেণীর চেম্বারের ন্যূনতম অধিভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা ও সমিতির ১৮ হাজার টাকা এবং ন্যূনতম বার্ষিক চাঁদা যথাক্রমে ২৫ হাজার টাকা ও সমিতির ১৮ হাজার টাকা। এ ছাড়া পরিচালক মনোনয়ন প্রদানকারী চেম্বার ও সমিতি এফবিসিসিআইকে বার্ষিক চাঁদা হিসেবে ৭৫ হাজার টাকা দেবে। চেম্বার গ্রুপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, এমসিসিআই ও বিসিআই থেকে একজন করে পরিচালক নিজ সংগঠন দ্বারা মনোনীত হয়ে আসবেন। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজেএমএ, ওষুধ শিল্প সমিতি, হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে একজন করে পরিচালক নিজ সংগঠন দ্বারা মনোনীত হয়ে আসবেন।ঋণখেলাপি, করখেলাপি, দুর্নীতিবাজ ও ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা এবারও এফবিসিসিআইয়ের নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে ঋণ ও করখেলাপি, ফৌজদারি বা দুর্নীতি মামলায় অথবা নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত হলে এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর অতিবাহিত হলে এফবিসিসিআইয়ের নির্বাচনে অংশগ্রহণ বা পদে অধিষ্ঠিত হতে পারবেন।এফবিসিসিআই সূত্রে জানা গেছে, সংঘবিধি সংশোধনের প্রজ্ঞাপনটি বাণিজ্য সংগঠনগুলোর কাছে পাঠানো হচ্ছে। এ ছাড়া অচিরেই এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকবে।তবে প্রজ্ঞাপন জারি হওয়ায় একশ্রেণীর ব্যবসায়ী নেতা হতাশ হয়েছেন। তাঁরা পরপর তিন মেয়াদে পরিচালক হওয়ার পর দুই বছর বিরতি দেওয়ার বিধানটি তুলে দেওয়ার জন্য নানাভাবে তদবির করছিলেন। কিন্তু এ বিষয়ে কোনো সংশোধনী আনা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, পরপর তিন মেয়াদে পরিচালক হওয়ায় এবার চেম্বার গ্রুপের হয়ে নির্বাচন করতে পারবেন না: এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি ও টাঙ্গাইল চেম্বারের সভাপতি আবুল কাশেম আহমেদ, পরিচালকদের মধ্যে নারায়ণগঞ্জ চেম্বারের বজলুর রহমান, চট্টগ্রাম চেম্বারের মোহাম্মদ আমীরুল হক, যশোর চেম্বারের শামসুল আলম, বরিশাল চেম্বারের এবায়দুল হক চান্দ ও বাংলাদেশ চেম্বারের মো. রজ্জব শরীফ। অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে এই তালিকায় আছেন বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধন মিল মালিক সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির এস এম শফিউজ্জামান।