এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের জন্য বোর্ড গঠন
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদে আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী বোর্ড এবং আপিল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বুধবার সংগঠনের নিয়মিত পরিচালনা পর্ষদের সভায় এ দুটি বোর্ড গঠন করা হয়।অন্যদিকে পরিচালনা পর্ষদের একই সভায় বাণিজ্য সংগঠনের সংঘবিধির সংশোধনীগুলো সংঘবিধিতে সংযোজনের জন্য ২৮ ফেব্রুয়ারি বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে।এফবিসিসিআই সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বর্তমান সাংসদ আলী আশরাফ তিন সদস্যবিশিষ্ট নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তুহিন মালিক তিন সদস্য বিশিষ্ট আপিল বোর্ডের চেয়ারম্যান হয়েছেন।নির্বাচনী বোর্ডের অন্য দুই সদস্য হলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা প্রবীর কুমার সাহা ও আবু বক্কর সিদ্দিক। আপিল বোর্ডের অন্য দুই সদস্য হলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মির্জা আবুল মনসুর ও গাইবান্ধা চেম্বারের সাবেক সভাপতি আবদুল মাজেদ। গতকাল এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভায় এসব নাম চূড়ান্ত করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ১০ মার্চ শেষ হওয়ার কথা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য সংগঠনের সংঘবিধিতে কিছু সংস্কার করায় নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব হচ্ছে না। তবে নির্বাচনী বোর্ড গঠিত হওয়ায় অচিরেই নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচনী বোর্ড দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের নির্ধারিত দিনের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করার নিয়ম রয়েছে।অন্যদিকে চলতি মাসের ২৮ তারিখে ডাকা ইজিএমে বাণিজ্য সংগঠনের সংঘবিধি সংশোধনীগুলো সংঘবিধিতে সংযোজন করা হবে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্যরা সংশোধনীর বিরোধিতা করলেও এটি আপনাআপনি সংঘবিধিতে সংযোজন হয়ে যায়। অর্থাত্ বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনটি সংঘবিধিতে সংযোজন হতে কোনো ধরনের বিধিনিষেধ থাকে না।সরকার গত ১২ জানুয়ারি বাণিজ্য সংগঠনের সংঘবিধি সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যাসংখ্যা বাড়িয়েছে। এ ছাড়া সংঘবিধিতে আরও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। তবে পরিচালনা পর্ষদের মেয়াদ আগের মতোই দুই বছর রাখা হয়েছে। পরিচালকদের ভোটেই সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়েছে।এ ছাড়া সংশোধিত সংঘবিধিতে পরপর তিন মেয়াদে পরিচালক হওয়ায় চতুর্থ মেয়াদে নির্বাচন করার সুযোগ রাখা হয়নি। এর আগে প্রথম আলোর একটি সংবাদে চট্টগ্রাম চেম্বার থেকে মনোনীত পরিচালক মোহাম্মদ আমীরুল হক পরপর তিনবার নির্বাচিত হয়েছেন বলে লেখা হয়েছিল। প্রকৃতপক্ষে তিনি টানা দুইবার পরিচালক হয়েছেন।