এফবিসিসিআইয়ের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১২-১৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফ ও সদস্য আবু বকর সিদ্দিক দিলীপ এতে স্বাক্ষর করেন। ভোটার তালিকা এফবিসিসিআইয়ের চতুর্থ তলার উত্তর পাশে টানানো হয়েছে। এ ছাড়া এই তালিকা এফবিসিসিআইয়ের ওয়েবসাইট www.fbcci-bd.org-এ পাওয়া যাবে। এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ভোটার তালিকা অনুযায়ী ৭৩টি চেম্বার থেকে ৩৯০ জন এবং ৩২৫টি অ্যাসোসিয়েশন থেকে এক হাজার ৬১৩ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী ১৬ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর এফবিসিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।