বাণিজ্য সংগঠনের সংঘবিধি সংশোধন
এফবিসিসিআইয়ের বিশেষ সভা বিপক্ষে মতামত দিলেও তা শুধু আনুষ্ঠানিকতা
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় সংগঠনের সংঘবিধিতে কতিপয় সংশোধনী এনে একটি প্রজ্ঞাপন জারি করে। এই সংশোধনী বাণিজ্য সংগঠনের সংঘবিধিতে সংযোজনের জন্য এফবিসিসিআই এই ইজিএমের আয়োজন করে। সভায় এফবিসিসিআইয়ের সংঘবিধিতে সংশোধনী সংযোজনের বিপক্ষে মতামত দেওয়া হয়েছে। এর পরও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশোধিত সংঘবিধি অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী নেতা জানিয়েছেন, এটি ছিল নিয়ম রক্ষার ইজিএম। সভায় সংঘবিধি সংস্কার প্রস্তাবের বিপক্ষে মতামত দেওয়া হলেও এটি আপনাআপনি সংঘবিধিতে সংযোজিত হয়ে যাবে।রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এ সভায় এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক সভাপতিত্ব করেন। সভায় সংগঠনের সাধারণ পরিষদের ১৭৫ জনের বেশি সদস্য উপস্থিত ছিলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। যোগাযোগ করা হলে আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘সভায় সংস্কার প্রস্তাব গ্রহণ না করার বিপক্ষে মতামত দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘আমার জানামতে এ পর্যন্ত কোনো সংস্কার প্রস্তাব ইজিএমে গ্রহণ করা হয়নি। তার পরও সংস্কার প্রস্তাব বাণিজ্য সংগঠনের সংঘবিধিতে সংযোজিত হয়েছে।’জানা গেছে, সরকার গত ১২ জানুয়ারি বাণিজ্য সংগঠনের সংঘবিধি সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে। এতে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা ছয়জন বাড়িয়ে ৪৪ জন করা হয়। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৪ জন করে মোট ২৮ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন। অন্যদিকে দেশের শীর্ষ চেম্বার ও সমিতি থেকে আটজন করে মোট ১৬ জন নিজ নিজ সংগঠনের মনোনীত হয়ে পরিচালক হবেন। এ ছাড়া সংঘবিধিতে আরও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। তবে পরিচালনা পর্ষদের মেয়াদ আগের মতোই দুই বছর রাখা হয়েছে। পরিচালকদের ভোটেই সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার বিধানও অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) থেকে একজন করে পরিচালক মনোনীত হয়ে আসার বিধান রাখা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, এফবিসিসিআই ছাড়া অন্য যেকোনো বাণিজ্য সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদনকারীকে চেম্বারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভৌগোলিক এলাকার এবং সমিতির ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের ট্রেড লাইসেন্সধারী হতে হবে। পরবর্তী সময়ে প্রতিবছর সংশ্লিষ্ট সংগঠন কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ওই ট্রেড লাইসেন্স ও আয়কর বিবরণীর হালনাগাদ অনুলিপি দাখিল করতে হবে, তা না হলে সদস্যপদ বাতিল হয়ে যাবে।এফবিসিসিআইয়ের সদস্যদের অধিভুক্ত ফি ও বার্ষিক চাঁদার পরিমাণও বাড়ানো হয়েছে। ক-শ্রেণীর চেম্বারের ন্যূনতম অধিভুক্তি ফি ৩৫ হাজার টাকা ও সমিতির ২৫ হাজার টাকা। এ ছাড়া ন্যূনতম বার্ষিক চাঁদা যথাক্রমে ৩৫ হাজার টাকা ও সমিতির ২৫ হাজার টাকা। এ ছাড়া খ-শ্রেণীর চেম্বারের ন্যূনতম অধিভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা ও সমিতির ১৮ হাজার টাকা এবং ন্যূনতম বার্ষিক চাঁদা যথাক্রমে ২৫ হাজার টাকা ও সমিতির ১৮ হাজার টাকা। এ ছাড়া পরিচালক মনোনয়ন প্রদানকারী চেম্বার ও সমিতি এফবিসিসিআইকে বার্ষিক চাঁদা হিসেবে ৭৫ হাজার টাকা প্রদান করবে। চেম্বার গ্রুপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, এমসিসিআই ও বিসিআই থেকে একজন করে পরিচালক নিজ সংগঠন দ্বারা মনোনীত হয়ে আসবেন। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজেএমএ, ওষুধ শিল্প সমিতি, হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে একজন করে পরিচালক নিজ সংগঠন দ্বারা মনোনীত হয়ে আসবেন। ঋণখেলাপি, করখেলাপি, দুর্নীতিবাজ ও ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্তরা এবারও এফবিসিসিআইয়ের নির্বাচনে অংশ নিতে পারবেন না।