সরকারের সঙ্গে জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ীদের যে সংকট তৈরি হয়েছে তার সমাধানে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) হস্তক্ষেপ চেয়েছেন এ খাতের ব্যাবসায়ীরা। এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) নেতারা। এফবিসিসিআই সম্মেলনকক্ষে গতকাল শনিবার বিকেলে ‘বাংলাদেশের জনশক্তি রপ্তানির সম্ভাবনা, সমস্যা ও সমাধান’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। সভায় বায়রার সভাপতি শাহজালাল মজুমদার বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের আয়। কিন্তু এই প্রবাসীদের বিদেশে পাঠানোর সঙ্গে যে ব্যবসায়ীরা জড়িত তারা আজ চরম অবহেলিত। তাদের আজ ব্যবসার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রবাসীকল্যাণমন্ত্রী আজকে বায়রার নেতাদের সাক্ষাৎ পর্যন্ত দিচ্ছেন না। এ সমস্যা সমাধানে আমরা এফবিসিআইয়ের সভাপতির হস্তক্ষেপ কামনা করছি।’ বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজকে ব্যবসা বন্ধ। এ খাতের ব্যবসায়ীরা করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন। কিন্তু সরকারের কোনো নজর নেই। আজকে অভিবাসন খরচ কমানোর কথা বলা হচ্ছে। আমরাও সেটা চাই। এ ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রকের ভূমিকা পালন করুক।’ বায়রার নেতাদের কথা শুনে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম বলেন, ‘মানবসম্পদের ব্যবসায় মানবতাবোধ থাকা একান্ত জরুরি। কিন্তু সেখান থেকে বিচ্যুত হওয়ার কারণেই আজকে এ সমস্যা দেখা দিয়েছে।’ কাজী আকরাম আরও বলেন, ‘এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে ৮২ লাখ প্রবাসী কর্মী রয়েছেন। তাঁদের যদি দক্ষ করে পাঠানো যেত তাহলে তাঁরা এখন যে প্রবাসী আয় পাঠাচ্ছেন তার চেয়ে কয়েক গুণ বেশি পাঠাতেন। আর বাংলাদেশি শ্রমিকদের বিদেশে যেতে খরচও অনেক বেশি। কিন্তু সরকার এখন যে খরচের কথা বলছে সেটি অনেক কম। কাজেই বায়রাকে খরচ কমাতে হবে। নিজেদের ভুল বুঝতে হবে।’ কাজী আকরাম অবশ্য এও বলেন, ‘আপনাদের সঙ্গে মন্ত্রীর যে দূরত্ব সেটি সমাধানে আমি কাজ করব। দরকার হলে আমি প্রধানমন্ত্রীর কাছেও যাব।’ মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম, সহসভাপতি হেলাউদ্দিনসহ বায়রার কার্যকর পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।