এবার অতিদরিদ্ররা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবে
এবার ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় শ্রমিকদের মাত্র ১০ টাকায় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে হিসাব খোলার সুযোগ তৈরি করা হয়েছে। অতিদরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংক সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ সৃষ্টি করে। বর্তমানে এই হিসাবে কৃষকেরা কৃষি খাতে দেওয়া সরকারের ভর্তুকির অর্থ পাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা-বেষ্টনীর মধ্যে আনতে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। নির্দেশনা অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেওয়া কর্মীপরিচিতি বা নিবন্ধনের ভিত্তিতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উপকারভোগী শ্রমিকেরা ১০ টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খুলতে পারবেন। এই ব্যাংক হিসাবে ন্যূনতম জমা রাখার কোনো বাধ্যবাধকতা নেই। এতে কোনো প্রকার চার্জ কিংবা ফি নেওয়া যাবে না। হিসাব খুলতে কোনো গ্রাহকের পরিচিতি বা কেওয়াইসি (পরিচিতি) ফরম পূরণেরও দরকার পড়বে না। কর্মীপরিচিতি বা নিবন্ধনই কেওয়াইসির বিকল্প হিসেবে বিবেচিত হবে। চেক বইয়ের অপ্রতুলতায় ভাউচারের মাধ্যমেও এই হিসাবে লেনদেন করা যাবে। ব্যাংক হিসাবগুলো ইউনিয়ন পর্যায়ে কোন শাখাতে খোলা হবে সে বিষয়ে উপজেলা কমিটি সিদ্ধান্ত নেবে।