দুর্ভোগ এড়ানোর জন্য আর সময়ের অভাবে যাঁরা ইচ্ছা থাকার পরও বাণিজ্য মেলায় গিয়ে পণ্য কিনতে পারেন না, তাঁদের জন্য এবার সুখবর আছে। এবার ঢাকা আন্তর্জাতিক মেলায় অনলাইনেও তাঁরা কেনাকাটা করতে পারবেন।সংবাদ সম্মেলন করে এমন কথাই জানিয়েছে মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারি সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। নতুন বছরের প্রথম দিনে আজ মঙ্গলবার শুরু হচ্ছে বাণিজ্য মেলা ২০১৩। রাজধানীর আগারগাঁওয়ে সকালে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।মেলা প্রাঙ্গণে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, এবারের মেলায় প্রথমবারের মতো ই-শপ রাখা হয়েছে। ক্রেতারা এবার অনলাইনে পণ্য কিনতে পারবেন।বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, ই-শপের একটি ওয়েবসাইট (www.ditfeshop.com) খোলা হয়েছে। এতে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম, তাদের পণ্য ও তার দাম উল্লেখ থাকবে। সেখান থেকে দেখে কেউ চাইলে কুইক ক্যাশ এবং ব্যাংক কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন।মেলার বিভিন্ন দিক তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এবারের মেলায় পাঁচ শতাধিক স্টল থাকছে। এর মধ্যে ৯০টি প্যাভিলিয়ন, ৪২টি মিনি-প্যাভিলিয়ন এবং স্টল ৩৬২টি। এবারও বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়নের পাশাপাশি সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের স্টল থাকছে।মেলায় তিনটি মহাদেশের ১২টি দেশের ৩১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশগুলো হলো: ভারত, চীন, জাপান, হংকং, ইরান, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত।গত বছর বাণিজ্য মেলায় ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। সেদিক থেকে এবার বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ কমেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শুভাশীষ বসু বলেন, ‘এবার আমরা কিছু কড়াকড়ি আরোপ করেছি। যেসব বিদেশি প্রতিষ্ঠান অংশ নিতে আগ্রহী তাদের আবেদনপত্রের সঙ্গে সে দেশের বাণিজ্য সংগঠনের অনুমোদনও চাওয়া হয়। অনেকেই তা দিতে পারেনি। গত বছর দেখেছি, অনেক প্রতিষ্ঠান এ দেশ থেকে ডলার কিনে আমাদের অর্থ পরিশোধ করেছে। আমরা তা চাই না। আমরা চাই, দেশে বৈদেশিক মুদ্রা আসুক। আবার গতবার বিভিন্ন কারণে কিছু প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছিলাম। সেসব প্রতিষ্ঠানের অনেকগুলোই এবার আবেদন করেনি। যারা করেছে, তাদের আমরা স্টল দিইনি। সে কারণে এবার বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।’এবারের মেলায় প্রাপ্ত বয়স্কদের জন্য ২০ এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১০ টাকা প্রবেশমূল্য রাখা হয়েছে।বাণিজ্যমন্ত্রী বলেন, মেলায় জরুরি চিকিৎসাসেবা দিতে এবার প্রথমবারের মতো সীমিত আকারে মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে। এ ছাড়া ই-পার্ক এবং ইকো পার্ক করা হয়েছে। তবে এবার কোনো রাইড রাখা হয়নি। ছয়টি খাবার দোকানকে অনুমোদন দেওয়া হয়েছে। এদের খাবারের মান নিয়ন্ত্রণে মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি বুথও থাকছে। তারা প্রতিদিন অভিযান চালাবে।বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের মেলার নিরাপত্তা কার্যক্রম তদারক করতে মেলা প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, পার্কিংয়ের স্থানসহ মোট ১০০টি সিসিটিভি স্থাপন করা হয়েছে।স্থায়ী মেলা প্রাঙ্গণ কেন করা যাচ্ছে না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা হচ্ছে জায়গার সমস্যার কারণে। পূর্বাচলে আমরা বরাদ্দ পেয়েছি ১০ একর। কিন্তু আমরা চেয়েছিলাম ২০ একর। মেলা প্রাঙ্গণ করার তহবিল আমাদের কাছে আছে। যদি ২০ একর না পাই, তাহলে আমাদের ১০ একরের মধ্যেই তা তৈরি করতে হবে।’সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, ইপিবির সচিব এহসান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।