এবার অনির্দিষ্টকালের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ
এবার অনির্দিষ্টকালের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে গত ৩ নভেম্বর থেকে কাঁচা পাট রপ্তানি এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
এক মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হতেই গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে কাঁচা পাট রপ্তানি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বেবী পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর সঠিক বাস্তবায়নের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচা পাট রপ্তানি বন্ধ করা হলো।
এদিকে, গত ৩০ নভেম্বর থেকে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনিসহ মোট ছয় পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করার ফলে সরকারি ও বেসরকারি পাটকলগুলোতে কাঁচা পাটের চাহিদা বেড়েছে। এ কারণে রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।
তবে সরকারের সিদ্ধান্তে নাখোশ হয়েছেন কাঁচা পাট রপ্তানিকারকেরা। তাঁরা বলছেন, এতে করে তাঁদের বিপুল লোকসানের মুখে পড়তে হবে। অনির্দিষ্টকাল রপ্তানি বন্ধ থাকলে প্রচুর শ্রমিক বেকার হয়ে পড়বে।
সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছর মৌসুমের শুরু থেকেই কাঁচা পাটের দাম চড়া। গত বছর যেখানে প্রতি মণের দাম ছিল ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, সেখানে এ বছর মৌসুমের শুরুতে তা বিক্রি হয় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। তবে মানভেদে এ দাম সর্বোচ্চ ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
দাম বেড়ে যাওয়ায় পাটকলের মালিকদের সঙ্গে বৈঠক করে গত আগস্টে পাট মন্ত্রণালয়ের নির্দেশে একটি আদেশ জারি করে পাট অধিদপ্তর। তাতে বলা হয়, ডিলার বা আড়তদারেরা এক হাজার মণের বেশি কাঁচা পাট এক মাসের বেশি সময় মজুত রাখতে পারবেন না।
পাটকলের মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের পাটশিল্পে পাটপণ্য উৎপাদনের জন্য প্রতিবছর গড়ে ৫৪ লাখ বেল কাঁচা পাটের প্রয়োজন। আর রপ্তানি হয় প্রায় ১০ লাখ বেল। স্থানীয় ও রপ্তানিবাজার মিলিয়ে কাঁচা পাটের চাহিদা রয়েছে প্রায় ৬৪ লাখ বেল। এর বাইরে দেশের সরকারি-বেসরকারি পাটকলগুলোতে ব্যবহার হয় পাঁচ থেকে ছয় লাখ বেল।
পাট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কেফায়েত উল্লাহ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ছয় ধরনের পণ্যে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করার ফলে এ বছর অন্যান্য বছরের চেয়ে অতিরিক্ত ১৫ থেকে ২০ লাখ বেল কাঁচা পাটের চাহিদা বাড়বে। দেশে বছরে গড়ে পাট উৎপাদন হয় ৭০ লাখ বেল। এ অবস্থায় কাঁচা পাট রপ্তানি অব্যাহত রাখলে তাতে স্থানীয় বাজারে সংকট দেখা দিতে পারে। এ কারণেই সরকার সাময়িকভাবে কাঁচা পাট রপ্তানি বন্ধ করেছে।
তবে সরকারের যুক্তির সঙ্গে একমত নন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতারা। তাঁরা বলছেন, রপ্তানি অব্যাহত রাখলে তাতে দেশে কাঁচা পাটের কোনো সংকট তৈরি হতো না।
এ বিষয়ে বিজেএর সাবেক সভাপতি ফজলুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, চলতি বছরের উৎপাদন ও গত বছরের মজুত মিলিয়ে দেশে যে পরিমাণ কাঁচা পাট রয়েছে তা দিয়ে চাহিদা মিটিয়ে আরও কয়েক লাখ বেল উদ্বৃত্ত থাকবে। তাই রপ্তানি করতে দিলে তাতে সংকট হওয়ার কথা নয়। বরং এখন হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দেওয়ায় আমাদের দীর্ঘদিনের রপ্তানিবাজারটি হাতছাড়া হয়ে যেতে পারে।
ফজলুর রহমান আরও বলেন, ইতিমধ্যে দুই থেকে আড়াই লাখ বেল কাঁচা পাট রপ্তানির এলসি (লেটার অব ক্রেডিট) আমাদের হাতে রয়েছে। সেসব এলসির বিপরীতে রপ্তানি করতে না পারলে তাতে দেশীয় রপ্তানিকারকদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন।
রপ্তানি বন্ধ হলেও চাহিদা বাড়ায় স্থানীয় বাজারেও বিক্রির সুযোগ রয়েছে তাহলে কেন সরকারের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা—এমন প্রশ্নের জবাবে বিজেএ নেতা ফজলুর রহমান বলেন, রপ্তানির জন্য উন্নত মানের পাট সংগ্রহ করা হয়। এতে দামও বেশি পড়ে। কিন্তু স্থানীয় বাজারে সেই দাম পাওয়া যাবে না।