এবার অর্থমন্ত্রী বললেন, এক ও দুই টাকা চালু থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পোহাতেই এক ও দুই টাকার নোট নিয়ে এবার ভিন্ন তথ্য দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার তিনি বলেছেন, এক ও দুই টাকার নোট চালু থাকবে, তবে একসময় উঠে যাবে এগুলো।

এর আগে অর্থমন্ত্রী গতকাল রোববার জানিয়েছিলেন, এক ও দুই টাকার নোট বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করা হবে। এ জন্য টাকা খরচের কথাও বলেছিলেন।
অর্থমন্ত্রীর মন্তব্যের ওপর অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কেউই সরাসরি কথা বলতে চাননি। তবে মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজার থেকে এক ও দুই টাকার কাগজি নোট উঠিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া চলছে। আর পাঁচ টাকার নোটের নিচের সব মুদ্রাই থাকবে ধাতব মুদ্রা আকারে। পাঁচ টাকার কাগজি নোটে সই থাকবে অর্থসচিবের এবং এটিই হবে একমাত্র সরকারি নোট। পাঁচ টাকার ওপরের সব নোটই হবে ব্যাংক নোট। অর্থাৎ পাঁচ টাকার নিচে কাগুজে নোট উঠে গেলেও একই মূল্যমানের ধাতব মুদ্রা থাকবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অটিজম ও অর্থোপেডিক সম্মেলন শেষে আজ সাংবাদিকেরা অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, বাজার থেকে এক ও দুই টাকা উঠিয়ে নেওয়ার বিষয়ে রোববার করা তাঁর মন্তব্যের ব্যাখ্যা কী? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এক, দুই টাকার দাম কমে গেছে তো। শিগগির কিছু হবে না। এক টাকার নোট ছাপানো কোন জামানায় আমরা বন্ধ করে রেখেছি। এখনো আছে। এটা বাজার থেকে উঠে যেতে অনেক দিন লাগবে।’
এক ও দুই টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হলে ৬, ৭ ও ৯ টাকার লেনদেন করতে তো সমস্যা হবে-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তো সময়ের ব্যাপার। এক ও দুই টাকার নোট যেটা বাজারে আছে, তা চালু থাকবে। জোর করে তো ওঠানো যাবে না। আস্তে আস্তে মানুষ যখন দেখবে এগুলোর ব্যবহার নেই, এমনি এমনিই বাজার থেকে উঠে যাবে এগুলো।’
এক ও দুই টাকার নোট উঠিয়ে দিয়ে সর্বনিম্ন সরকারি নোট পাঁচ টাকা করা হবে বলে রোববার জানিয়েছিলেন অর্থমন্ত্রী। নোটগুলো ধ্বংস করতে ৩০০ কোটি টাকার মতো লাগতে পারে এবং এক টাকা দিয়ে চকলেট পাওয়া যায় না-ওই দিন এসব মন্তব্যও করেন অর্থমন্ত্রী। তাঁর এসব কথায় বিভ্রান্তিতে পড়ে জনগণ।