এবার আটার দাম নিয়ে শঙ্কা
আটা এখন সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় নিত্যসঙ্গী। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদিনের বাজারমূল্যের প্রতিবেদনে চালের মতোই আটাকেও একটি ‘অতি স্পর্শকাতর’ নিত্যপণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।আটা ও ময়দার দাম বাড়ায় ভোক্তারা আতঙ্কিত হতে শুরু করেছে। কেননা, আটার বাজারে পাগলা ঘোড়া দাবড়ানোর স্মৃতি তাদের কাছে বেশি পুরোনো নয়। ২০০৮ সালে প্রতি কেজি আটার প্যাকেটের দাম ছিল ৪২ টাকা। অর্থাত্ মোটা চালের চেয়ে আটার দর ছিল ছয় টাকা বেশি। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নথিতে দেখা যায়, ২০০৮ সালে খোলা আটার বার্ষিক গড় মূল্য ছিল ৩৬ টাকা ৮৮ পয়সা, আর প্যাকেটের আটা ছিল ৪০ টাকা ১৬ পয়সা। দাম বাড়ার কারণে সে সময় ভোক্তারা রুটি খাওয়াই অনেক কমিয়ে দিয়েছিল। আমদানির পরিসংখ্যান অনুযায়ী, আগের বছরগুলোতে বার্ষিক গমের আমদানি ৩০ লাখ টন ছাড়িয়ে গেলেও ২০০৮ সালে সেটি ছিল লাখেরও নিচে।২০০৯ সালের শুরু থেকেই ভোক্তার সুদিন ফিরে আসতে শুরু করে। আটার দাম কমতে থাকে। এ সময় খোলা আটার গড় মূল্য ছিল ২০ টাকা ৪৮ পয়সা, আর প্যাকেটের আটা ২৩ টাকা ২৩ পয়সা। কিন্তু সুদিন শেষ হয় বিদায়ী বছরের শেষ দিকে এসে। নভেম্বরের শেষ থেকে গম ও আটার বাজার তেতে উঠতে থাকে। বাজার পর্যবেক্ষকেরা বলছেন, দুটো বিষয় বাজারকে আবার চাঙা করছে। এর একটি হলো বাজারে সরবরাহ কমে যাওয়া, আর অন্যটি হলো আন্তর্জাতিক বাজারে আবার গমের দাম বাড়া।বিশ্বব্যাংকের পণ্যমূল্যের তালিকায় লালচে নিম্নমানের ইউএস হার্ড-রেড-উইন্টার জাতের গমের গড় দর ২০০৮ সালে ছিল প্রতি টন ৩২৬ মার্কিন ডলার আর ২০০৯-এ ২২৪ ডলার (এই জাতের গমের উদাহরণ দেওয়ার কারণ, ঠিক এমনই কিংবা এর চেয়েও নিম্নমানের ব্ল্যাক সি গমের দখলেই বাংলাদেশের বাজার)। ভালোমানের বাকি গম আসে কানাডা থেকে। কম দামি ব্ল্যাক সি গমের সঙ্গে কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান সাদা গম মেশাতে হয় অন্তত ৩০ শতাংশ, নইলে আটা-ময়দা সাদা হয় না। অস্ট্রেলিয়ার ফলন খারাপ হওয়ায় কানাডাই ছিল বাংলাদেশের আমদানিকারকদের ভরসা। তবে এখন ভালোমানের আমেরিকান গমের চালানও ঢুকতে শুরু করেছে বাজারে। কানাডায়ও গমের দাম অনেক কমে যাওয়ায় সেখানেও যান বাংলাদেশের ব্যবসায়ীরা। ২০০৯ সালের জানুয়ারি-নভেম্বরে কানাডা থেকে গম আমদানি ডলারের পরিমাণে ১৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়। কানাডিয়ান সরকারই এ তথ্য প্রকাশ করেছে।২০০৮ সালে যে ব্ল্যাক সি গম প্রতি টন ৩৫০ ডলার ছাড়িয়ে যায়, তা ২০০৯-এর কোনো কোনো মাসে ১৬০ ডলারে চলে এসেছিল। প্রথম দিকে বাংলাদেশের বাজারে এর প্রভাব দ্রুত না পড়লেও পরে প্রচুর নতুন ও ছোট-বড় আমদানিকারক আসতে থাকেন গমের বাজারে।গত বছরের মার্চের পর থেকে বাংলাদেশের বাজারও পড়তে শুরু করে। অবস্থা এমনই হয় যে আন্তর্জাতিক বাজারের গড় মূল্যের চেয়ে কম দামে গম বিক্রি হয়েছে নারায়ণগঞ্জ বা খাতুনগঞ্জের পাইকারি বাজারে। বাড়তি জোগানের কারণেই অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় আমদানিকারকদের মধ্যে। গমের বাজার আবার বাড়তে থাকে নভেম্বরের শুরুতে। ততদিন লোকসানে পড়ে ছোট-মাঝারি অনেক আমদানিকারকই বাজার থেকে সরে পড়েন। বড় আমদানিকারকেরা এ সময় দেখেন, শীতের আগেই বিশ্ববাজারে গমের দাম বাড়তে শুরু করেছে। এ কারণে তাঁদের অনেকেই সিদ্ধান্ত নেন, আর কম দামে গম বেচবেন না। আর এর প্রভাব পড়ে বাজারে। এ ক্ষেত্রে তাঁদের সহায়তা করেছে চালের মূল্যের ফের ঊর্ধ্বগতি ও সরকারের অতি দুর্বল গমের মজুদ। সরকারি মজুদ ভালো না থাকলে চাল ও গমের পাইকারি দর ভোক্তাদের অনুকূলে থাকে না—এটা আবারও প্রমাণিত।