নানাভাবে এবার ঈদুল আজহা পালনের খরচ বেড়েছে সাধারণ মানুষের। ঈদে চাহিদা বাড়ে এমন পণ্যগুলোর দাম যেমন বেড়েছে, তেমনি বাড়তি চালের দাম। এ ছাড়া শেষ সময়ে এসে বেড়েছে শসা, কাঁচা মরিচ ও টমেটোর দাম, যা ছাড়া ঈদ চলবে না।
অবশ্য সেমাই, ফিরনি মিক্স, হালিমের মসলা, ঘি ও গুঁড়া দুধের দাম নতুন করে বাড়েনি। ঈদের আগে চিনির দাম বেশ কমেছে, গত ঈদুল ফিতরের চেয়ে কেজিতে ১০ টাকা কমে কেনা যাচ্ছে চিনি।
রাজধানীর একটি সীমিত আয়ের পরিবারে ঈদে যেসব পণ্যের প্রয়োজন হতে পারে, তার একটি তালিকা করে এবং বাজারদর যাচাই করে দেখা যায় এবার ঈদ পালনের জন্য বাজার বাবদ ৩ হাজার ১৩০ টাকা ব্যয় হবে। ঈদকেন্দ্রিক মূল্যবৃদ্ধির কারণে খরচ বাড়বে ৩৬৫ টাকা, যা মোট ব্যয়ের প্রায় ১২ শতাংশ। অবশ্য আপনি যদি ঈদের বাজারের সঙ্গে পুরো মাস চলার জন্য ২০ কেজি চাল কিনতে যান, তাহলে আরও ৬০ টাকা বেশি ব্যয় করতে হবে। কারণ এক মাস আগের তুলনায় এখন মিনিকেট চালের দাম কেজিপ্রতি ৩ টাকা বেশি।
ঈদবাজারের পণ্যতালিকায় সুগন্ধি চাল, গরমমসলা, পেঁয়াজ, রসুন, আদা, গুঁড়া ও তরল দুধ, চালের গুঁড়া, চিনি, ঘি, শসা ও কাঁচা মরিচ ধরা হয়েছে। পরিবারভেদে এর বাইরেও অনেক কিছু কিনতে হতে পারে। আবার পরিমাণও কমবেশি হতে পারে।
ঈদের আগে গত এক মাসে খুচরা বাজারে মসলার দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিক্রেতারা বাড়তি নিচ্ছেন রসুন, আদা, সুগন্ধি চাল ও চালের গুঁড়ার দাম। এবার ঈদের বেশ আগেই পেঁয়াজের দাম বেড়েছে, এরপর তা কমেছেও। তবে ৩০ টাকা কেজিতে আর দেশি পেঁয়াজ মিলছে না, দিতে হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকা। তবে গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারে ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা ও দেশি পেঁয়াজ ৫০ টাকায় নেমেছে। এভাবে দাম কমে যাওয়ার প্রভাব সাধারণ খুচরা বাজারে পড়েনি। ওই সব বাজারে ক্রেতারা ঈদের ‘বোনাস’ আদায় করছেন পণ্যের দামে। ফলে দু-চার দিন আগেও যে দরে পণ্য কেনা যেত, তার চেয়ে গতকাল একটু বেশিই দিতে হয়েছে। আজ শুক্রবার চাপ আরও কিছুটা বাড়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে শসা, কাঁচা মরিচ, টমেটো ও তরল দুধের দাম বেশি দিতে হতে পারে।
ইন্দিরা রোডের ফুটপাতের বাজারে গতকাল প্রতি কেজি দেশি শসা ৮০ টাকা ও হাইব্রিড শসা ৫০ টাকা চান বিক্রেতা মইনুল ইসলাম। তিনি বলেন, শসার দাম আগে থেকেই বেশি। এখন সরবরাহ কমে যাওয়ায় দাম আরেকটু বেড়েছে। দেশি শসার দাম কেজিতে এখন ২০ টাকা বেশি। ১২০ টাকা কেজির কাঁচা মরিচ ১৬০ টাকা ও ১২০ টাকার টমেটো তিনি কেজিপ্রতি ১৪০ টাকা চান।
কারওয়ান বাজারের আড়তদারেরা জানান, ঈদে বেশির ভাগ ট্রাক এখন গরু পরিবহনে ব্যস্ত। এতে ট্রাক ভাড়া বেড়েছে বলে তরিতরকারির দাম একটু বেশি।
কারওয়ান বাজারের হাজি মিজান স্টোরে বিভিন্ন ব্র্যান্ডের ঘি আধা কেজি ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে মিলছে। দেশি কোম্পানির গুঁড়া দুধ বিক্রি হচ্ছে ৪৩০ কেজি দরে। বিদেশি কোম্পানির গুঁড়া দুধ মিলছে ৫৫০ থেকে ৫৮০ টাকা কেজিতে। বিভিন্ন ব্র্যান্ডের লাচ্ছা ও সাধারণ সেমাইয়ের ৪০০ গ্রামের প্যাকেট ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করেন ওই দোকানের বিক্রেতারা।
হাজি মিজান স্টোরের মালিক মিজানুর রহমান বলেন, ঈদের সময় দাম একটু বেশিই রাখা হয়। দোকানদারদেরও তো খরচ বাড়ে।