এবার একীভূত হচ্ছে মুন্নু সিরামিক, জুটেক্স ও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং
বেক্সিমকো ও বেক্সটেক্সের পর এবার পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু জুটেক্স ও মুন্নু প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড একীভূত হচ্ছে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আদেশ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর মুন্নু জুটেক্সের বিশেষ সাধারণ সভা ঢাকার অদূরে ধামরাইয়ের ইসলামপুরে প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেট ৮ সেপ্টেম্বর।এ ছাড়া প্রতিষ্ঠান তিনটির পৃথক ঘোষণায় আরও বলা হয়, ইজিএমের পর এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৭ অক্টোবরের মধ্যে হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ৯ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে।এর আগে গত রোববার তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত ঘোষণায় বলা হয়, মুন্নু সিরামিকস লিমিটেডের সঙ্গে মুন্নু জুটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মুন্নু প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অনুমোদন চেয়ে তিন কোম্পানির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করার কথা বলা হয়। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ কোম্পানি তিনটিকে একীভূত করা হবে বলে ঘোষণায় জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল হাইকোর্ট এ আদেশ দেন।একীভূতকরণের ঘোষণা অনুযায়ী মুন্নু জুটেক্সের শেয়ারহোল্ডাররা প্রতি দশমিক ৩৯টি সাধারণ শেয়ারের বিপরীতে মুন্নু সিরামিকের একটি সাধারণ শেয়ার পাবেন। একইভাবে মুন্নু প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারহোল্ডাররা কোম্পানির ২.৬৯টি শেয়ারের বিপরীতে মুন্নু সিরামিকের একটি শেয়ার পাবেন। কোম্পানিগুলোর সম্পদ মূল্যায়ন করে নিরীক্ষা প্রতিষ্ঠান মেসার্স আতা খান অ্যান্ড কোম্পানি শেয়ার বিনিময়ের এ হার নির্ধারণ করেছে।