এবার এডিপি ৮০,৩১৫ কোটি টাকা

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৪-১৫ অর্থবছরে দেশের বার্ষিক উন্নয়ন ব্যয় (এডিপি) ৮০ হাজার ৩১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।
তবে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে এই বাজেটে আরও ৫ হাজার ৬৮৫ কোটি টাকা ব্যয় করবেন বলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেছেন। তাতে এডিপি ৮৬ হাজার কোটি টাকা হবে।
এডিপিতে শিক্ষা, স্বাস্থ্য ও সংশ্লিষ্ট অন্যান্য মিলে মানবসম্পদ খাতে ২৪ দশমিক ৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বিক কৃষিখাতে অর্থাত্ কৃষি, পল্লি উন্নয়ন ও পল্লি প্রতিষ্ঠান, পানিসম্পদ এবং সংশ্লিষ্ট অন্যান্য মিলে বরাদ্দ করা হয়েছে ২৫ দশমিক ৮ শতাংশ। বিদ্যুত্ ও জ্বালানি খাতে বরাদ্দ হয়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।
এ ছাড়া সড়ক, রেল, সেতু ও যোগাযোগসংশ্লিষ্ট অন্যান্য খাত মিলে যোগাযোগ খাতে বরাদ্দ করা হয়েছে ২৩ দশমিক ৩ শতাংশ। আর অন্যান্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ দশমিক ২৫ শতাংশ।