এবার কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জিত হবে
চলতি ২০১১-১২ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্প্রতি কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের সঙ্গে বিদেশি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর এক সভায় এই অভিমত ব্যক্ত করা হয়।সভায় ৩৮টি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও কৃষিঋণ বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।সভায় কৃষিঋণ বিতরণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে কৃষিঋণ বিতরণের পরিমাণ বাড়ানোর পাশাপাশি গুণগত মানের ওপরও সভায় গুরুত্ব আরোপ করা হয়। এ ক্ষেত্রে কৃষিঋণের তিনটি মূল খাতে (ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ) অধিক পরিমাণে ঋণ বিতরণের জন্য প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে (সৌরশক্তি, সমন্বিত পশুপালন ও বায়োগ্যাস) ঋণ বিতরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। সভায় অর্থবছরের নয় মাসের অর্থাৎ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ঋণ বিতরণের পরিস্থিতি পর্যালোচনায় প্রতীয়মান হয়, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর কৃষিঋণ বিতরণের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৯০০ কোটি টাকা বা প্রায় ৪২ শতাংশ বেড়েছে। আর তাই অবশিষ্ট সময়ে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার প্রায় পুরোটাই অর্জন করা সম্ভব হবে বলে সভায় মত প্রকাশ করা হয়। তবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) মোট নয় হাজার ১৮৯ কোটি ৪৯ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে, যার মধ্যে অকৃষি পল্লিঋণও অন্তর্ভুক্ত। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে দশমিক ৩৯ শতাংশ বেশি। গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ে নয় হাজার ১৫৪ কোটি ৬৯ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছিল।গত ২০১০-১১ অর্থবছরে মোট ১২ হাজার ৬১৭ কোটি ৪০ লাখ টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা থাকলেও শেষ পর্যন্ত বিতরণ হয়েছে ১২ হাজার ১৮৪ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।