এবার ভ্যাট গোয়েন্দার জালে গুলশানের দ্য মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের দ্য মিরাজ
ছবি। সংগৃহীত

এবার সিসা বারের ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেল। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দ্য মিরাজ নামের রেস্টুরেন্ট ও সিসা বারটি আট বছরে সোয়া ৯ কোটি টাকার বিক্রি গোপন করেছে। অথচ গ্রাহকদের কাছ থেকে ভ্যাট নিয়ে তা সরকারি কোষাগারে জমা দেয়নি। সব মিলিয়ে ভ্যাট ফাঁকি ও সুদ মিলিয়ে রাজস্ব ফাঁকির পরিমাণ আড়াই কোটি টাকা। আজ ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

ইদানীং অভিজাত এলাকায় সিসা বারগুলোতে তরুণ-তরুণীদের ভিড় লক্ষ করা যায়। দিন দিন এসব সিসা বার জনপ্রিয় হয়ে উঠেছে। সন্ধ্যার পরই সাধারণত গ্রাহকদের ভিড় দেখা যায়। রাজধানীতে ৫০টির বেশি সিসা বার আছে বলে জানিয়েছেন ভ্যাট গোয়েন্দারা।

গত ১২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দারা গুলশানের ৩ নম্বর সড়কের ৯/এ তে অবস্থিত দ্য মিরাজ রেস্টুরেন্ট ও সিসা বারে অভিযান চালান। প্রতিষ্ঠানটির মূসক নিবন্ধন অনুযায়ী ব্যবসায়িক নাম দ্য ফ্রেন্ডস হাউস লিমিটেড।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক তানভীর আহমেদ ও সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন ওই ভ্যাট গোয়েন্দা দলের নেতৃত্ব দেন। সেখানে গিয়ে তাঁরা কাগজপত্র জব্দ করেন। এর পাশাপাশি ১৫ কেজি সিসা ও সিসা পরিবেশনের নানা সামগ্রী আটক করা হয়। এসব পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। রেস্টুরেন্টের আড়ালে প্রতিষ্ঠানটি সিসা বার চালাচ্ছে।

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের দ্য মিরাজ নামের রেস্টুরেন্ট ও সিসা বারে অভিযান চালিয়েছেন ভ্যাট গোয়েন্দারা। ২০১৩ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত ৯ কোটি ৩৩ লাখ টাকা বিক্রির তথ্য গোপনের প্রমাণ পেয়েছেন তাঁরা। জরিমানাসহ ভ্যাট ফাঁকির পরিমাণ ২ কোটি ৫৪ লাখ টাকা।

এসব কাগজপত্র পরীক্ষা–নিরীক্ষা করে ভ্যাট গোয়েন্দারা দেখেন, ২০১৩ সালের জুলাই থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ৯ কোটি ৩৩ লাখ টাকার বিক্রির তথ্য গোপন করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। শুধু বিক্রির ওপর ১ কোটি ৪০ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদ্‌ঘাটন করেছে।

ভ্যাট আইন অনুসারে, এই ফাঁকি দেওয়া ভ্যাটের ওপর মাসভিত্তিক ২ শতাংশ হারে ৯৮ লাখ টাকা সুদ প্রযোজ্য। এ ছাড়া সিসা বারটি বিভিন্ন সেবা ক্রয়ের ওপর ৮ লাখ ৪০ লাখ টাকা উৎসে ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত। এর ওপর মাসভিত্তিক ২ শতাংশ হারে সুদ ৭ লাখ ৮৮ হাজার টাকা প্রযোজ্য।

আরও পড়ুন

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, এই সিসা বারটি গ্রাহকদের কাছে ভ্যাট নিচ্ছে। কিন্তু সেই টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আট বছরে প্রতিষ্ঠানটির ভ্যাট ফাঁকির পরিমাণ আড়াই কোটি টাকার বেশি। সিসাসামগ্রীর আমদানির কোনো কাগজপত্র দেখাতে পারেনি তাঁরা। এসব বিষয়ে আজ মামলা হয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে দ্বিগুণ জরিমানা হতে পারে। তিনি জানান, রাজধানীর সিসার বারগুলোতে অভিযান অব্যাহত থাকবে।