এবার গোল্ডেন লাইফের বিরুদ্ধে অভিযোগ
আড়াই বছর ধরনা দিয়েও জীবন বিমা পলিসির টাকা পাচ্ছেন না চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার দক্ষিণ মহাদেবপুরের মৃত কমিশনার নুরুল আলমের স্ত্রী হোসনে আরা বেগম। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে। গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কাছে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর ১১ লাখ ৮০ হাজার টাকার একটি জীবন বিমা পলিসি খুলেছিলেন নুরুল আলম। তাঁর জীবন বিমা পলিসি নম্বর ০১১৫৭৪৪০-০৭ এবং প্রিমিয়াম এক লাখ পাঁচ হাজার ১৯৭ টাকা। ২০১০ সালের ২৬ জুন গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এরপর তাঁর মনোনীত ব্যক্তি হিসেবে স্ত্রী হোসনে আরা বেগম কোম্পানির কর্মকর্তাদের আশ্বাস পেয়ে পলিসির টাকার জন্য চট্টগ্রাম থেকে বহুবার ঢাকায় আসলেও কোনো কাজ হয়নি।নিরুপায় হয়ে হোসনে আরা বেগম গত রোববার আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের কাছে আবেদন করেন। এর আগে তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কাছেও একই আবেদন করেছিলেন। উভয় আবেদনেই বলা হয়, ‘দীর্ঘদিন পার হলেও কোম্পানিটি দাবি পরিশোধ করছে না। কোম্পানিটির আগের কয়েকজন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মতো বর্তমান এমডিও বারবার সময়ক্ষেপণ করছেন।’ কোম্পানির কয়েকজন কর্মকর্তা ঘুষ হিসেবে তিন লাখ টাকার অগ্রিম চেক দাবি করেন বলেও আবেদনে উল্লেখ করেন হোসনে আরা বেগম। প্রয়োজনীয় সব কাগজপত্রই কোম্পানির কাছে দাখিল করা হয়েছে জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘তিনটি সন্তান নিয়ে আমি মানবেতর জীবনযাপন করছি।’যোগাযোগ করলে গোল্ডেন লাইফের এমডি মাহফুজুল বারী জানান, ছয় মাস হলো তিনি এই কোম্পানির দায়িত্ব নিয়েছেন। কিছু ঝামেলার কারণে আবেদনপত্রটি এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থাপন করে শিগগির এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এ প্রসঙ্গে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, ‘এ ধরনের ঘটনা গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছে আইডিআরএ। কারণ, বিমাশিল্প টিকে থাকে আস্থার ওপর।’ তিনি আরও বলেন, ‘আইডিআরএ সব সময়ই গ্রাহকদের পক্ষে এবং শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়তে কখনোই দেবে না।’