এবার চামড়ার ভালো দাম মিলেছে

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর কামারখাড়া গ্রামের আবুল কালাম আজাদ ৫১ হাজার টাকায় কেনা কোরবানির গরুর (মাঝারি আকারের) চামড়া বিক্রি করেছেন এক হাজার ৯০০ টাকায়। গত বছর কোরবানিতে এর চেয়ে খানিকটা ছোট গরুর চামড়া সারা দিনেও বিক্রি করতে পারেননি তিনি। সন্ধ্যায় গ্রাম্য এক মৌসুমি ব্যবসায়ী তাঁর হাতে এক হাজার টাকা ধরিয়ে দিয়ে ওই চামড়া নিয়ে যান।
রাজধানীর বনশ্রীর সি-ব্লকের নয় নম্বর বাড়ির বাসিন্দা কামরুল ইসলাম কোরবানির গরুর (ছোট আকারের) চামড়া বিক্রি করেছেন এবার এক হাজার ৬০০ টাকায়। গত বছর একই আকারের গরুর চামড়া তাঁকে বিক্রি করতে হয়েছিল এক হাজার ১০০ টাকায়।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি করা পশুর চামড়ার এবার ভালো দাম পেয়েছেন কোরবানিদাতারা। যদিও এই চামড়া বিক্রির অর্থ তাঁরা ভোগ করেন না। এই অর্থ দান করে দিতে হয় গরিব-মিসকিনদের।
চামড়া-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, গত পাঁচ-ছয় বছরের মধ্যে এবারই কোরবানির পশুর চামড়া সব চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।
এর মধ্যেও চামড়া বেচাকেনা নিয়ে খানিকটা জটিলতা তৈরি হয়েছে মৌসুমি ব্যবসায়ী এবং চামড়ার আড়তদার ও ট্যানারির মালিকদের মধ্যে। মৌসুমি ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কিনেছেন। আবার বাড়তি দামের এই চামড়ার কিছু অংশ কিনেছেন আড়তদারেরাও। তবে বাড়তি দামে কেনা এসব চামড়া বেশি দাম দিয়ে কিনতে রাজি হচ্ছেন না ট্যানারির মালিকেরা। ফলে মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারদের একটি অংশ লোকসানের আশঙ্কায় আছে।
ট্যানারির মালিকদের দাবি, মৌসুমি ব্যবসায়ীরা পূর্বনির্ধারিত দর সম্পর্কে ভালোভাবে না জেনেই বেশি দামে চামড়া কিনেছেন। যে দাম ঘোষণা করা হয়েছিল তা ছিল লবণযুক্ত চামড়ার দাম। কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা তা না বুঝে কাঁচা চামড়াই সেই দামে কিনেছেন। অনেক স্থানে এর চেয়েও বেশি দামে চামড়া সংগ্রহ করেছেন তাঁরা।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যে দাম বেঁধে দিয়েছি, তারচেয়ে ১৫ থেকে ২০ শতাংশ কম দামে মাঠপর্যায় থেকে চামড়া কেনার দরকার ছিল। কারণ, চামড়া কেনার পর এতে লবণ মাখানো, শ্রমিকের মজুরি এবং পরিবহন ব্যয়ও যুক্ত করে তা আড়তে কিংবা সরাসরি ট্যানারির মালিকদের কাছে বিক্রি করতে হয়। লবণযুক্ত ওই চামড়ার দামই নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৮৫ থেকে ৯০ টাকা। কেউ যদি কাঁচা চামড়াই ওই দামে কেনে, তাহলে আমাদের কিছু করার নেই।’
ট্যানারির মালিকদের দুই সংগঠন বিটিএ ও বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ) এবং কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন গত শনিবার লবণযুক্ত চামড়া কেনার দর ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৮৫ থেকে ৯০ টাকা, আর ঢাকার বাইরে ৭৫ থেকে ৮০ টাকায় কেনা হবে। খাসির চামড়ার দর প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং বকরির চামড়ার ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ হয়। এ ছাড়া মহিষের চামড়ার দাম নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা।
কোরবানির পশুর চামড়ার দর সর্বশেষ নির্ধারণ করা হয় ২০১০ সালে। এরপর গত দুই বছর চামড়ার দর নির্ধারণ করেনি সংশ্লিষ্ট সংগঠনগুলো। সে কারণে গত বছর কোরবানিদাতা ও মাঠপর্যায়ে চামড়া সংগ্রহকারীরা চামড়ার ভালো দর পাননি। চামড়া কেনাবেচা নিয়েও বেশ সমস্যা হয়। সে কারণে এবার ঈদের আগেই এই সংগঠনগুলোকে ডেকে চামড়ার যৌক্তিক দাম নির্ধারণ করতে বলে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চামড়ার চাহিদার ৪৮ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদে, ১০ শতাংশ রোজার ঈদে এবং শবে বরাত ও কালী পূজার সময় ২ শতাংশ করে পাওয়া যায়। বাকিটা আসে সারা বছরের জবাই করা পশু থেকে। চামড়া-সংশ্লিষ্ট তিন সংগঠনের মতে, সারা বছর সংগৃহীত চামড়ার অর্ধেকই আসে কোরবানি থেকে। আর প্রতিবছর দেশে ২২ কোটি বর্গফুট চামড়া সংগ্রহ করা হয়।
এ বছর কোরবানির ঈদে জবাই হওয়া পশু থেকে ৬০ থেকে ৬৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চামড়ার সংখ্যা ৭০ লাখে গিয়ে ঠেকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
রাজধানীতে কাঁচা চামড়ার পাইকারি বাজার পোস্তায় খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দিন রাজধানীতে ছোট আকারের গরুর চামড়ার দর ছিল প্রতিটি এক হাজার ৪০০ থেকে এক হাজার ৮০০ টাকা, মাঝারি আকারের গরুর চামড়া এক হাজার ৮০০ থেকে আড়াই হাজার এবং বড় আকারের গরুর চামড়া আড়াই হাজার থেকে দুই হাজার ৮০০ টাকা। ক্ষেত্রবিশেষে বড় গরুর চামড়া তিন হাজার টাকায়ও বিক্রি হয়। কিন্তু ঈদের সন্ধ্যায় এবং পরদিন আর ওই দরে চামড়া কেনেননি আড়তদারেরা।
এবারের ঈদে প্রতিটি খাসির চামড়া বিক্রি হয়েছে ১৫০ থেকে ২০০ টাকায়।
মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের দিন ১১টা থেকে ১২টার দিকে বেশি দামে কাঁচা চামড়া কিনে মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে চামড়া সংগ্রহের প্রতিযোগিতার মনোভাব তৈরি করে দেয় আড়তদার ও ট্যানারির মালিকেরা। কিন্তু সন্ধ্যায় ট্যানারির মালিকেরা চামড়ার জন্য ভালো দাম দিতে রাজি হননি। বরং কম দামে চামড়া কেনার দিকেই তাঁদের ঝোঁক ছিল।
কয়েকজন ট্যানারির মালিকও স্বীকার করেন, ঈদের দিন অনেক ক্ষেত্রেই ঢাকায় প্রতি বর্গফুট চামড়া বেচাকেনা হয়েছে ১০০ টাকার ওপরে। তবে রাতে চামড়ার দর অনেকটা নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আফতাব প্রথম আলোকে বলেন, ‘এবার চামড়ার যে দাম নির্ধারণ করা হয়েছিল তা ছিল আড়তদারদের কাছ থেকে ট্যানারির মালিকদের কেনার দাম। কিন্তু শহরে ও গ্রামেগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীরা তা বুঝতে পারেনি। তাঁরা কাঁচা চামড়াই ওই দামে কিনে ফেলেছেন। ওই চামড়াটাই আবার বেশি দামে ঈদের দিন আড়তদারেরা কিনেছে। ফলে এবার চামড়ার দামও বেশি পড়েছে।’
সংগঠনের বর্তমান সভাপতি আলী হোসেন বলেন, ‘মৌসুমি ব্যবসায়ীরা চামড়া ব্যবসার ক্ষতি করছেন। তাঁরা না বুঝে বেশি দামে চামড়া কিনে ফেলেছেন। তাঁরা এখন লোকসান দেবে। আর যেসব আড়তদার তাঁদের কাছ থেকে বেশি দামে চামড়া কিনেছেন, তাঁরাও লোকসান দেবেন।’
তবে কয়েকজন ট্যানারির মালিক জানিয়েছেন, লোকসান করে তাঁরা চামড়া কিনবেন না। যুক্তিসংগত একটা দামে আড়তদারদের কাছ থেকে চামড়াটা কেনা হবে।
বিএফএলএলএফইএর সভাপতি ও ট্যানারির মালিক বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, মৌসুমি ব্যবসায়ীরা বছরের এক দিন ব্যবসা করেন। সে কারণে তাঁদের চামড়া সম্পর্কে ধারণা থাকে না। তাঁরাই ঈদের সারাটা দিন চামড়ার দাম এলোমেলো করে দেন। তিনি বলেন, ‘সারা বছরই আমরা চামড়া নিয়ে কাজ করি। তাই নির্ধারিত দরের ৫ শতাংশ এদিক-সেদিক হলেও আমাদের চামড়াটা কিনতে হবে। নইলে তা পাচার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।’
চামড়া-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধারণা, এবারের ঈদুল আজহায় পশু কোরবানি থেকে প্রায় দুই হাজার কোটি টাকার চামড়া বেচাকেনা হবে। গত বছর কোরবানিতে চামড়ার বেচাকেনা হয়েছিল প্রায় দেড় হাজার কোটি টাকার। তাঁদের মতে, কোরবানির চামড়া ছাড়ানোয় অদক্ষতা ও সঠিকভাবে সংরক্ষণের অভাবে প্রতিবছর প্রায় কয়েক শ কোটি টাকার চামড়া নষ্ট হয়ে যায়।