এবার ঢাকা-কাঠমান্ডু পথে রিজেন্ট
বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ার ২১ ডিসেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা পথে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। এটি রিজেন্টের ষষ্ঠ আন্তর্জাতিক গন্তব্য।
সংস্থাটি জানায়, এ পথে তারা প্রতি শনি, সোম ও বুধবার—এ তিন দিন উড়োজাহাজ চলাচল করবে। নতুন প্রজন্মের ৭৩৭-৭০০ উড়োজাহাজে ১২টি অভিজাত বা বিজনেস এবং ১১৪টি সাশ্রয়ী বা ইকোনমি আসন থাকবে। সব ধরনের করসহ ঢাকা-কাঠমান্ডু-ঢাকা পথের ভাড়া ১৭ হাজার ৫১২ টাকা আর ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৪৯৩ টাকা।
রিজেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব.) এম ফজলে আকবার বলেন, গত বছর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের পর্যটন খাত আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আবারও পর্যটক হিসেবে দেশটিতে যাতায়াত শুরু করেছেন। তাই বাংলাদেশি পর্যটকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে এ পথে বিমান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।