
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় এবার তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্যালয়। তদন্তের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি প্রিত ভারারা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ও অন্য সংস্থাগুলোকে নিয়ে সরকারি কৌঁসুলির মাধ্যমে এ তদন্ত হবে। তবে রয়টার্সের কাছে অ্যাটর্নি কার্যালয়ের কেউই কোনো মন্তব্য করেননি। যে সূত্রটি এ তদন্তের কথা জানিয়েছে, সে সূত্রটি রয়টার্সকে বলেছে, তার কথা বলার এখতিয়ার নেই।
ব্যাংক খাতের বহুল পরিচিত এ ঘটনা নিয়ে বাংলাদেশের পুলিশ বিভাগ এবং অন্য সংস্থাগুলোও তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং দেশটির অন্যান্য আর্থিক নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকে জাল অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে বলেছে।
ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলোকে আরও বলেছে, এসব জাল অর্থ লেনদেনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করতে হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিকে উদাহরণ হিসেবে দেখতে বলা হয়েছে।
সাইবার হামলার পেছনের কারণ ও প্রযুক্তিগত সমস্যা খুঁজে বের করতে এফবিআই গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকে আলাদা পরামর্শ দিয়েছিল।
এর বাইরে যুক্তরাষ্ট্রের কংগ্রেস কমিটি গত ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির এ ঘটনার জন্য নিউইয়র্ক ফেডের দায় যাচাই করতে সংস্থাটির কাছে তথ্য চেয়েছে। এই ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সুইফটের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। আন্তব্যাংক লেনদেনের বৈশ্বিক টেলিযোগাযোগের সংস্থা হচ্ছে সুইফট।
গত ৫ ফেব্রুয়ারি (৪ ফেব্রুয়ারি দিবাগত রাত) যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।
ফিলিপাইনের ইনকোয়ারার নামক পত্রিকা এ ঘটনা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এরপর বাংলাদেশ ব্যাংকসহ সরকারের
শীর্ষ পর্যায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়। এ ঘটনার জের ধরে গত ১৫ মার্চ পদত্যাগ করতে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে।