এবার তিন ঘণ্টায় লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার তিন ঘণ্টায় হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। রমজানে স্বাভাবিকের চেয়ে এক ঘণ্টা কমে যাওয়ার পর এটিই সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ১০ জুলাই ডিএসইতে হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল। তবে সে সময় বাজারে চার ঘণ্টা লেনদেন চলেছিল। ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ২৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯২ কোটি টাকা বেশি। সেই হিসাবে গতকাল লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১৯ শতাংশ বেড়েছে। লেনদেনে বড় ধরনের উত্থান ঘটলেও দিন শেষে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২০ পয়েন্ট আর পুরোনো সাধারণ সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। যদিও লেনদেনের একপর্যায়ে ডিএসইএক্স ৯৩ ও সাধারণ সূচক ১২৯ পয়েন্ট বেড়েছিল। কিন্তু মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলী আহসান মুজাহিদের রায়ের দিন ঘোষণার খবর আসার পর সূচক নিম্নমুখী হয়। এর ফলে দিনের শুরুতে সূচকের বড় ধরনের উত্থানের যে ধারা ছিল, সেটি স্থায়ী হয়নি।জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, দুপুরের পর জামায়াত নেতা মুজাহিদের রায় ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার খবরটি আসার পরই সূচক কমতে শুরু করে। লেনদেনের বাকিটা সময় সূচকের এই ধারা অব্যাহত ছিল। যদিও দিন শেষে সূচক ইতিবাচকই ছিল। মোহাম্মদ এ হাফিজ বলেন, মুজাহিদের রায়কে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ধরনের শঙ্কা থেকে বাজারে তার তাৎক্ষণিক প্রভাব পড়েছে। তবে বাজারে লেনদেনের গতি দেখে মনে হচ্ছে, এই ধরনের প্রভাব খুবই সাময়িক। বাজারে ভালো শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি কিছু দুর্বল মৌলভিত্তির কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পাচ্ছে, যা কখনো কাম্য নয়। তাই এই ধরনের কোম্পানিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের আরও সতর্ক হতে হবে। এদিকে মার্চেন্ট ব্যাংক কসমোপলিটন ফিন্যান্সের বিশ্লেষণ প্রতিবেদন অনুযায়ী, লেনদেনে ঢাকার বাজারে গতকালও একক আধিক্য ধরে রেখেছে বিদ্যুৎ জ্বালানি খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২৭৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৭ শতাংশ। সোমবার ডিএসইতে এ খাতের মোট লেনদেনের পরিমাণ ছিল ২১৭ কোটি টাকা। লেনদেনে বিদ্যুৎ জ্বালানি খাত এগিয়ে থাকলেও সূচক বৃদ্ধিতে বড় একক প্রভাব ছিল গ্রামীণফোনের। মঙ্গলবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে সাড়ে তিন শতাংশ বা আট টাকা ১০ পয়সা। এর ফলে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে শূন্য দশমিক ৫৩ শতাংশ। পৌনে চার শতাংশ বা তিন টাকা ৪০ পয়সা মূল্যবৃদ্ধির মাধ্যমে সূচক শূন্য দশমিক ১৬ শতাংশ বাড়িয়েছে তিতাস গ্যাস। একক কোম্পানি হিসেবে এদিন লেনদেনে শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম। এদিন কোম্পানিটির ৭৬ কোটি টাকার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ৭ শতাংশ। সোমবার এটি একক কোম্পানি হিসেবে লেনদেনে দ্বিতীয় স্থানে ছিল। ডিএসইতে ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টিরই দাম বেড়েছে, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত ছিল ২৮টির দাম। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে চার হাজার ২৯৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৩১৯ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে ২১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির দাম বেড়েছে, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৭৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৭ কোটি টাকা বেশি।