এবার নারায়ণগঞ্জ নদীবন্দরে তিন গুণ বেশি রাজস্ব আদায়
নারায়ণগঞ্জ নদীবন্দরের চলতি অর্থবছরে (২০১১-১২) রাজস্ব আদায় তিন গুণ বেড়েছে। গত অর্থবছরে (২০১০-১১) এ নদীবন্দরের মোট রাজস্ব আদায় হয়েছিল ১৫ কোটি ৫০ লাখ টাকা। চলতি অর্থবছরের ১১ মাসে এ নদীবন্দরের আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি ৫০ লাখ টাকা। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দর সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদীর তীরে প্রতিষ্ঠিত বিভিন্ন নদীবন্দরের তীরভূমিতে ১৯টি সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। অধিকাংশ কারখানাই নদীতীরে নির্মিত জেটি দিয়ে নৌপথে পরিবাহিত সিমেন্টের কাঁচামাল ওঠানো-নামানো করিয়ে থাকে। বন্দর আইন অনুযায়ী প্রতি টন মালামাল ওঠানো-নামানোর জন্য ২৫ টাকা হারে ল্যান্ডিং শিপিং চার্জ নৌবন্দর কর্তৃপক্ষকে পরিশোধ করতে হয়। বন্দর রাজস্বের এটি একটি বড় খাত। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অধিকাংশ সিমেন্ট কারখানা এই মাশুল পরিশোধ করলেও শীতলক্ষ্যা-ধলেশ্বরীর তীরবর্তী শাহ সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, ইউনিক সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, মীর সিমেন্ট, অ্যামির্যাটস সিমেন্টসহ কয়েকটি কারখানা নানা কৌশলে এই মাশুল ফাঁকি দিচ্ছিল। অথচ সবগুলোই ছিল লাভজনক। প্রতিবছর তাদের উৎপাদন বাড়ছে। নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক ও সহকারী বন্দর সংরক্ষক সাইফুল ইসলাম জানান, ড. মোহাম্মদ শামছুদ্দোহা খন্দকার বিআইডব্লিউটিএতে চেয়ারম্যান হিসেবে যোগদানের পর রাজস্ব আদায় বাড়ানোর পদক্ষেপ নেন। তিনি এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেন। গত মে মাসে শাহ সিমেন্ট কারখানার জেটিতে জাহাজবহর নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করলে শাহ সিমেন্ট কর্তৃপক্ষ এক দিনেই প্রায় ১৩ কোটি টাকা বকেয়া পরিশোধ করে। এরপর অন্যান্য কারখানাও বন্দর শুল্ক পরিশোধ করতে থাকে। জানা গেছে, ব্রিটিশ আমলে ১৮৭৯ সালে তৎকালীন ব্রিটিশ সরকার ব্যবসা-বাণিজ্যের অবাধ সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জকে ‘স্বাধীন বন্দর’ বলে ঘোষণা করে। তখন থেকেই শুল্কবিহীন ব্যবসার সুযোগ ব্যবহারের জন্য ব্রিটিশরা ছুটে আসে নারায়ণগঞ্জে। কালের বিবর্তনে নারায়ণগঞ্জ নদীবন্দরের সেই সুদিন এখন আর না থাকলেও পাট, সিমেন্ট, লবণ, সার, বালুসহ বিভিন্ন পণ্য ওঠানো-নামানো হচ্ছে নারায়ণগঞ্জ নদীবন্দরে।