এবার ন্যানোর চেয়েও সস্তা গাড়ি আসছে ভারতের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাজারে এবার টাটা মোটরসের এক লাখ রুপি দামের ন্যানো গাড়ির চেয়েও সস্তা গাড়ি ছেড়ে সবাইকে তাক লাগিয়ে দিতে চাইছেন আজমীরের ভগবন্ত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ছাত্র চতুর্ভুজ শর্মা ও তাঁর সহপাঠীরা। উদ্ভাবকেরা জানান, গাড়িটির দাম পড়বে ৭০ হাজার ভারতীয় রুপির মধ্যে। যা থাকবে সাধারণ মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে। ন্যানোর সঙ্গে ভগবন্ত বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীর গাড়ির পার্থক্য হলো এটি হবে দুই আসনের। এক লিটার ডিজেলে এই গাড়িটি ৩৫ কিলোমিটার পর্যন্ত চলবে। গাড়িটি সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে চলতে পারবে। এর আগে টাটা মোটরস ভারতের বাজারে এক লাখ রুপি দামে ন্যানো গাড়ি বানিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। চতুর্ভুজ শর্মা ও তাঁর বন্ধু সমীর সিং এ প্রসঙ্গে জানান, শিগগির তাঁরা এই গাড়িটি বাজারে আনছেন। ভগবন্ত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ও পি অরোরা বলেন, দুই আসনের এই গাড়িতে অ্যারোডাইনামিক ব্যালেন্স থাকায় জ্বালানি খরচ কম হবে। যা চার চাকার গাড়িতে সম্ভব নয়।