এবার নয় মাসেই রপ্তানি-আয় গত বছরকে ছাড়িয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের পণ্য রপ্তানিতে উচ্চহারে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ২০০৯-১০ অর্থবছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি-আয় ৪০ শতাংশের বেশি হয়েছে। এর ফলে চলতি অর্থবছরের প্রথম নয় মাসের রপ্তানি-আয় গত অর্থবছরের পুরো সময়কালের মোট রপ্তানিকে ছাড়িয়ে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান অনুসারে, ২০১০-১১ অর্থবছরে প্রথম নয় মাসে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে এক হাজার ৬২০ কোটি ৭১ লাখ ডলার। আর ২০০৯-১০ অর্থবছরে মোট রপ্তানি-আয় হয়েছিল এক হাজার ৬২০ কোটি ৪৮ লাখ ডলার। আবার গত অর্থবছরের প্রথম নয় মাসে পণ্য রপ্তানি থেকে মোট আয় হয়েছিল এক হাজার ১১৫ কোটি পাঁচ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৩৩৭ কোটি ডলার। তার মানে লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত রপ্তানি ২১ দশমিক ২২ শতাংশ বেশি হয়েছে। আবার চলতি বছর মার্চ মাসে ২১৩ কোটি ৬৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর ২০১০ সালের জানুয়ারিতে ১৫২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। অর্থাৎ এ সময়ের প্রবৃদ্ধি হয়েছে ৪০ দশমিক ৫৬ শতাংশ।ইপিবির পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য নয় মাসে তৈরি পোশাকসহ প্রধান প্রধান রপ্তানি-পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আলোচ্য সময়কালে প্রধান রপ্তানিমুখী পণ্য নিট পোশাকের রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ৪৪ দশমিক ৩৬ শতাংশ ও ওভেন পোশাকের ৩৭ দশমিক ৭৬ শতাংশ। এই সময়কালে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬৬০ কোটি ৫৫ লাখ ডলার। আর ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৫৯৬ কোটি ১৮ লাখ ডলার।পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে চলতি অর্থবছরে নয় মাসে দেশে এসেছে ৮৩ কোটি ৩৭ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৬ দশমিক ৪৪ শতাংশ বেশি। এ সময় ২৬ কোটি ৭৯ লাখ ডলারের কাঁচা পাট, ৩৮ কোটি ১৬ লাখ ডলারের পাটসুতা ও ১৫ কোটি ১৫ লাখ ডলারের পাটের ব্যাগ ও চট রপ্তানি হয়েছে। অন্যদিকে হোম টেক্সটাইল রপ্তানিতে আয় হয়েছে ৫৫ কোটি ৪৬ লাখ ডলার, যা গত অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, হিমায়িত খাদ্য রপ্তানিতে আয় হয়েছে প্রায় ৪৭ কোটি লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ দশমিক ৪৩ শতাংশ বেশি। আর চামড়া রপ্তানি থেকে এই নয় মাসে আয় হয়েছে প্রায় ২১ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৭ শতাংশ বেশি।এ ছাড়া পাদুকা রপ্তানি করে আট মাসে বাংলাদেশ আয় করেছে ২২ কোটি ১৯ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫০ দশমিক ১৭ শতাংশ বেশি। ইপিবির পরিসংখ্যান থেকে আরও জানা যায়, আলোচ্য সময়ে ২৪ কোটি ১৩ লাখ ডলারের কৃষিপণ্য, ২২ কোটি ১৬ লাখ ডলারের প্রকৌশল পণ্য ও ১৯ কোটি ৫৬ লাখ ডলারে পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করা হয়েছে।