এবার প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ: এসক্যাপ
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসক্যাপ)। সংস্থাটি তাদের অর্থনৈতিক ও সামাজিক সমীক্ষায় এ প্রাক্কলন করেছে। যদিও বাংলাদেশ সরকার বলছে, এ বছর প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।
বাংলাদেশসহ ২৪টি দেশে গতকাল বৃহস্পতিবার এসক্যাপের প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, স্থিতিশীল হারে কর্মসংস্থান বাড়ার কারণে মানুষের খরচের প্রবণতা বাড়ছে, যা অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে সহায়তা করছে। এ ছাড়া নীতি সুদের হার ৫০ শতাংশীয় পয়েন্ট কমানোর ফলে ঋণপ্রবাহ বাড়বে। অবশ্য মন্দ ঋণ ব্যাংকের ঋণপ্রবাহ বৃদ্ধিতে বাধা তৈরি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
এসক্যাপের সমীক্ষায় ৫২টি দেশের জিডিপির প্রবৃদ্ধির প্রাক্কলন তুলে ধরা হয়েছে। এদের মধ্যে পাঁচটি দেশ প্রবৃদ্ধির হারের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকছে। দেশগুলো হলো মিয়ানমার ৮ দশমিক ৫ শতাংশ, উজবেকিস্তান ৭ দশমিক ৮ শতাংশ, ভারত ৭ দশমিক ৬ শতাংশ, কম্বোডিয়া ৭ শতাংশ ও লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক ৭ শতাংশ। অন্যদিকে প্রতিবেশীদের মধ্যে পাকিস্তানের ৪ দশমিক ৫ শতাংশ ও শ্রীলঙ্কার ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হবে।
এসক্যাপের প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে ঢাকার আইডিবি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘ তথ্য কেন্দ্র (ইউএনআইসি)। এতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিনস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ইউএন এসক্যাপের অর্থনীতি-বিষয়ক কর্মকর্তা সুভজিৎ ব্যানার্জি। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি শামসাদ আক্তারের একটি ভিডিও বার্তা পেশ করা হয়।
সুভজিৎ ব্যানার্জি বলেন, চলতি অর্থবছরে যে হারে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, সেভাবে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়নি। মূলত অবকাঠামো উন্নয়নের অভাবে দেশে বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হচ্ছে না।
এসক্যাপের প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বিগত বছরগুলোতে ভালো করলেও বাংলাদেশের সামনে মধ্যমেয়াদি কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো অবকাঠামো ও জ্বালানি সংকট, রপ্তানি আয়ে এক পণ্যের ওপর নির্ভরশীলতা ও ভালো কর্মপরিবেশ এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করা।
প্রতিবছর এসক্যাপ একেকটি বিষয়কে প্রতিপাদ্য ধরে অর্থনৈতিক ও সামাজিক সমীক্ষা প্রতিবেদন তৈরি করে। এবারের প্রতিপাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধি। এসক্যাপ মনে করে, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি জরুরি। এর পাশাপাশি সামগ্রিকভাবে দেশগুলোকে লক্ষ্যভিত্তিক ব্যয়, দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে অর্থনৈতিক ও সামাজিক সমীক্ষায়।
রবার্ট ওয়াটকিনস বলেন, ‘আমরা এত দিন ধরে যা বলে আসছি, তা করার জন্য এসডিজি সুযোগ করে দিয়েছে।’
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের শ্রমের উৎপাদনশীলতা দক্ষিণ এশিয়ার তুলনায় ভালো হলেও স্বল্পোন্নত অনেক দেশের তুলনায় কম। এর অন্যতম কারণ শিক্ষা, শ্রমিকের স্বাস্থ্যের নিম্নমান। এর সঙ্গে অবকাঠামো সংকট তো রয়েই গেছে।
এসক্যাপের প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলোর গড় প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৫ শতাংশ। স্বল্পোন্নত দেশগুলোর প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর গড় প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৯ শতাংশ। প্রতিবেদনে আগামী বছর বাংলাদেশের ৭ শতাংশ প্রবৃদ্ধির প্রক্ষেপণ করা হয়েছে।
দেবপ্রিয় বলেন, ‘বাংলাদেশে একটি বিকাশমান মধ্যবিত্ত শ্রেণি গড়ে উঠছে। তারা সুশাসন দাবি করছে, গুণগত মানসম্পন্ন পণ্য দাবি করছে। এ পণ্য উৎপাদন সম্ভব। এ সুযোগ কাজে লাগাতে পারলে অর্থনীতিতে বৈচিত্র্য আসত। কিন্তু আমরা সেটা পারছি না।’