চলতি ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১০ শতাংশ থেকে ৬ দশমিক ৪০ শতাংশের মধ্যে থাকবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। তবে প্রবৃদ্ধির এই প্রক্ষেপণ ঝুঁকিমক্ত নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ঝুঁকির দিক হলো ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতে আরেক দফা শ্লথগতি ও মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেট নিয়ে সমঝোতা না হওয়ার সম্ভাব্য প্রভাব। অন্যদিকে অভ্যন্তরীণভাবে যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ অপ্রত্যাশিত কোনো ঘটনায় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিমন্থরতার ঝুঁকি রয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক প্রকাশনার (বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারলি) সর্বশেষ সংখ্যায় এই প্রক্ষেপণ করা হয়েছে। এতে অবশ্য বলা হয়েছে যে ভবিষ্যতে হালনাগাদ ও নতুন তথ্যের ভিত্তিতে প্রবৃদ্ধির প্রক্ষেপণ সংশোধন বা পরিবর্তন করা হবে।বাংলাদেশ ব্যাংক বলছে, বিশ্ব অর্থনীতির শ্লথগতি বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তার পরও চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার গত ১০ বছরের গড় হার অর্থাৎ ৬ দশমিক ২০ শতাংশের আশপাশেই থাকবে।সরকার অবশ্য চলতি অর্থবছরের বাজেট পেশের সময়ই ৭ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল।কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, চলতি অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধির হারে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এর ফলে কৃষি খাতের প্রবৃদ্ধি ৩ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যে থাকবে, যা কিনা গত অর্থবছরের চেয়ে বেশি হবে।বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি সার্বিক প্রবৃদ্ধি অর্জনে কোনো বাধা তৈরি করবে না এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নও এবার ভালো হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। আরও বলা হয়েছে, একদিকে প্রবাসী শ্রমজীবীদের আয়প্রবাহ দেশে অভ্যন্তরীণ চাহিদা জোরদার করবে, অন্যদিকে চালের দাম কম থাকায় পল্লি এলাকায় ভোক্তা চাহিদা কিছুটা অবনমিত থাকবে।গত অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ৬ দশমিক ২০ শতাংশ ছিল, যা এ বছর আরেকটু কম হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আর তা হবে ইউরো অঞ্চলের সংকটের কারণে। এর ফলে সামগ্রিক চাহিদা কমে শিল্প খাতের প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলবে। গত অর্থবছরে ৯ দশমিক ৫০ শতাংশের শিল্প প্রবৃদ্ধি এ বছর ৭ দশমিক ২৫ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে থাকবে বলেও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।তবে সেবা খাতের প্রবৃদ্ধির হার গতবারের ৬ দশমিক ১০ শতাংশের চেয়ে বেশি হবে বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। কারণ হিসেবে বলা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যাংকঋণের প্রবাহ বেড়েছে আর প্রথম প্রান্তিকে বিভিন্ন উপখাতের কর্মকাণ্ডে কিছু আভাস মিলেছে।এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান বলেন, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাধারণ চর্চার মতো বাংলাদেশ ব্যাংকও এখন থেকে নিয়মিত অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করবে।বর্তমান পূর্বাভাসে অর্থনৈতিক কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা অর্থনীতির প্রধান খাতগুলোর প্রবৃদ্ধির প্রক্ষেপণ করেছি। এর ভিত্তিতে প্রাক্কলন করেছি যে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি গত ১০ বছরের গড় হার ৬ দশমিক ২০ শতাংশের কাছাকাছি থাকবে এবং বিভিন্ন পরিস্থিতি সাপেক্ষে তা ৬ দশমিক ১০ শতাংশ থেকে ৬ দশমিক ৪০ শতাংশ হতে পারে।’