এবার প্রাইমারি বাজারে মন্দার আভাস
২০১০ সালের ডিসেম্বরে দেশের পুঁজিবাজারে ভয়াবহ ধস শুরু হয়। দেড় বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনো কাটেনি তার রেশ। অব্যাহত এই ধসে সেকেন্ডারি বাজারে ব্যাপক প্রভাব ফেললেও প্রাইমারি বাজারে এর খুব বেশি প্রভাব পড়তে দেখা যায়নি।তবে সম্প্রতি প্রাইমারি বাজারেও মন্দার আভাস পাওয়া যাচ্ছে। গত সাত মাসে ১২টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর মধ্যে চারটি ছিল মিউচুয়াল ফান্ড। এই ১২টির মধ্যে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ইস্যু মূল্যের (অফার প্রাইস) ওপরে রয়েছে। বাকি চারটির শেয়ার বা ইউনিটের মূল্য ইস্যু মূল্যের নিচে নেমে গেছে।সম্প্রতি দুটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রতিষ্ঠান দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে এসইসি এই সিদ্ধান্ত নেয় বলে এসইসির পক্ষ থেকে বলা হয়।বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও বিনিয়োগকারীরা অভিযোগ করে বলেন, অতিরিক্ত প্রিমিয়ামসহ কোম্পানির শেয়ারের মূল্য নির্ধারণ করায় প্রাইমারি বাজারে মন্দার এই আভাস। এ ক্ষেত্রে কোম্পানির শেয়ারের দাম নির্ধারণে এসইসিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।ডিএসই সূত্রে জানা যায়, চলতি বছরে মোট আটটি কোম্পানি ও চারটি মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। এর মধ্যে ২৯ জানুয়ারি এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন শুরু হয়। এই ফান্ডটির প্রতিটি ইউনিটের ইস্যু মূল্য ছিল ১০ টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার ফান্ডটির প্রতিটি ইউনিট ১০.৫০ টাকায় লেনদেন হয়। তবে ৩ জুলাই প্রতি ইউনিট ৯.৮০ টাকা অর্থাত্ ইস্যু মূল্যের নিচে লেনদেন হয়।২৭ ফেব্রুয়ারি এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু হয়। এই মিউচুয়াল ফান্ডটির প্রতি ইউনিটের ইস্যু মূল্য ছিল ১০ টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার ইস্যু মূল্যের নিচে অর্থাত্ আট টাকা ১০ পয়সায় লেনদেন হয়।১৯ মার্চ লেনদেন শুরু হয় ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের। বৃহস্পতিবার ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য ছিল নয় টাকা ৪০ পয়সা। আর ২৪ মে লেনদেন শুরু হওয়া এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ১-এর প্রতি ইউনিটের বৃহস্পতিবারের মূল্য ছিল ১০ টাকা ৫০ পয়সা।অন্যদিকে জিএসপি ফাইন্যান্স, পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, বিএসসিসিএল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও আমরা টেকনোলজিসের শেয়ারের দাম গত বৃহস্পতিবার ইস্যু মূলের ওপরে ছিল। তবে ১৬ জুলাই ইউনিক হোটেলের শেয়ারের দাম ৬৪ টাকায় নেমে এসেছিল। আর ২৫ জুলাই পর্যন্ত আমরা টেকনোলজিসের শেয়ার ইস্যু মূল্যের (২৪ টাকা) নিচে লেনদেন হয়।অন্যদিকে বৃহস্পতিবার জিবিবি পাওয়ারের দাম ছিল ৩১.৬০ টাকা, যার ইস্যু মূল্য ছিল ৩০ টাকা প্রিমিয়ামসহ ৪০ টাকা ও সায়হাম কটন মিলস লিমিটেডের শেয়ারের দাম ছিল ইস্যু মূল্যের নিচে অর্থাত্ ১৯ টাকা ৫০ টাকা। এটির ইস্যু মূল্য ছিল ২৪ টাকা। এ ক্ষেত্রে ১৪ টাকা প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছিল।এসইসি সূত্রে জানা যায়, ১৫ জুলাই এনভয় টেক্সটাইলের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির আইপিওর চাঁদা সংগ্রহ (সাবস্ক্রিপশন) স্থগিত করে এসইসি। একই কারণে ১০ জুলাই সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের আইপিওর টাকা সংগ্রহ প্রক্রিয়া স্থগিত করা হয়। ২৯ জুলাই থেকে ২ আগস্ট এনভয় টেক্সটাইলের সাবস্ক্রিপশনের কথা ছিল। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ২৯ জুলাই থেকে ১১ আগস্ট। এনভয় টেক্সটাইলস লিমিটেডের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।প্রতিষ্ঠানটি তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল। এ ক্ষেত্রে ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। উত্তোলিত অর্থ মেশিনারিজ ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। ২০১০-১১ অর্থবছরের আর্থিক নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৪২ টাকা।আর সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের আইপিওর আবেদন গ্রহণের (সাবস্ক্রিপশন) কথা ছিল ১৫ জুলাই থেকে ১৯ জুলাই। ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছিল প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।এ ব্যাপারে এনভয় টেক্সটাইলস লিমিটেডের ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, সংশ্লিষ্ট কোম্পানি আন্ডার সাবস্ক্রিপশন হলে আন্ডার রাইটারদের শেয়ার কেনার নিয়ম রয়েছে, এটা ঠিক। তবে তালিকাভুক্তির পর সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম কমে গেলে বিনিয়োগকারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এ ক্ষেত্রে আগেই আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত করলে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অনেকটা কম থাকে।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘অব্যাহত দরপতনের কারণে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম অনেক নিচে নেমে এসেছে। এ অবস্থায় নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা সব সময় প্রিমিয়াম ছাড়া অনুমোদনের জন্য এসইসিকে বলেছি। তার পরও এসইসি অতিরিক্ত প্রিমিয়ামসহ কোম্পানি তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। ফলে ওই সব কোম্পানির শেয়ারের দাম ইস্যু মূল্যের নিচে নেমে এসেছে। আর তাই প্রাইমারি বাজারে মন্দার আভাস দেখা যাচ্ছে।’মিজান উর রশিদ চৌধুরী আরও বলেন, বাজারের বর্তমান দুর্দিনে নতুন কোম্পানি বাজারে নিয়ে আসার ক্ষেত্রে এসইসিকে আরও বেশি সতর্ক হতে হবে। সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক প্রতিবেদক আরও বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এ ক্ষেত্রে যাতে কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে এসইসিকে এবং প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে এসইসিকে আরও বেশি কঠোর হতে হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে আইপিওতে আন্ডার সাবস্ক্রাইবড হতে পারে। আইপিওতে ন্যূনতম ৫০ শতাংশ শেয়ার সাবস্ক্রাইবড হলে সংশ্লিষ্ট কোম্পানি তালিকাভুক্ত করে সেকেন্ডারি বাজারে লেনদেনের সুযোগ দেওয়ার নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে আন্ডাররাইটাররা বাকি অংশ শেয়ার কিনে নেবে। ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার অবিক্রীত থাকলে আইপিও বাতিল করে শেয়ার বরাদ্দ পাওয়াদের টাকা ফেরত দেওয়ারও সুযোগ রয়েছে।এ বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, তালিকাভুক্তির ক্ষেত্রে ইস্যুয়ার কোম্পানি সর্বোচ্চ মূল্য নিতে চাইবে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সার্বিক দিক বিবেচনা করে এসইসিকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী আন্ডার সাবস্ক্রাইব হলে আন্ডার রাইটারদের শেয়ার কিনতে হবে। সুতরাং আইপিওর সাবস্ক্রিপশন স্থগিত না করাই ভালো।আবু আহমেদ আরও বলেন, চলতি বছরে বেশ কয়েকটি কোম্পানিগুলোকে প্রিমিয়ামসহ তালিকাভুক্তির অনুমোদন দেয় এসইসি। আর তালিকাভুক্তির পর কয়েকটি কোম্পানির শেয়ারের দাম ইস্যু মূল্যের নিচে নেমে আসে। এতে প্রকৃতপক্ষে সাধারণ বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হন। তাই বিনিয়োগকারীদের স্বার্থে নতুন কোম্পানি বাজারে আসার ক্ষেত্রে প্রিমিয়াম দেওয়ার বিষয়ে এসইসিকে আরও বেশি সতর্ক হওয়ার অনুরোধ জানান তিনি।