এবার ফার্নিচার ও প্লাস্টিক পণ্য রপ্তানিতে নগদ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে প্লাস্টিক পণ্যে ১০ শতাংশ ও ফার্নিচারে ১৫ শতাংশ নগদ সহায়তা দেবে সরকার। নিজস্ব কারখানায় তৈরি পণ্যের ক্ষেত্রে জাহাজীকরণের আগের মূল্যের ওপর ভিত্তি করে এ সহায়তা দেওয়া হবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী(এডি) ব্যাংকগুলোকে এ-বিষয়ক নির্দেশনা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সহায়তার অর্থ পেতে উৎপাদনকারী-রপ্তানিকারকদের ব্যাংকে আবেদন করতে হবে। অর্থ ছাড়ও হবে সংশ্লিষ্ট ব্যাংকের অনুকূলে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার রপ্তানিকে উৎসাহিত করতে প্লাস্টিক পণ্য ও ফার্নিচার রপ্তানিতে ‘ভর্তুকি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল থেকে এই ভর্তুকি কার্যকর। তবে শুল্ক বন্ড-সুবিধাপ্রাপ্ত এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পেতে ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক শাখা আবেদনপত্র গ্রহণ, পরীক্ষণ ও পরিশোধ নিষ্পত্তি করবে। রপ্তানিকারক কী পরিমাণ সহায়তা পাবেন, তা ব্যাংক শাখা নিরূপণ করবে। এ ছাড়া সহায়তার অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাইরের নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে প্রতিটি আবেদন নিরীক্ষা করাতে হবে। নিরীক্ষার পরই সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগে জমা দিতে হবে।
রপ্তানির বিপরীতে দেওয়া সরকারি সহায়তার ক্ষেত্রে এর আগে বিভিন্ন অনিয়ম পাওয়ায় এবার কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাই গতকালের নির্দেশনায় বলা হয়েছে, বিধিবহির্ভূতভাবে কোনো ভর্তুকি পরিশোধ হলে তা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব থেকে কেটে নেওয়া হবে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া অনিয়মের সঙ্গে রপ্তানিকারক সংগঠনের কেউ জড়িত থাকলে তাঁরাও শাস্তির আওতায় আসবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।