এবার বন্ধ হচ্ছে অগ্রণীর কানাডা রেমিট্যান্স হাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিক লোকসানের মুখে অস্ট্রেলিয়ার পর কানাডার এক্সচেঞ্জ হাউসও বন্ধের প্রক্রিয়া শুরু করেছে অগ্রণী ব্যাংক। এক্সচেঞ্জ হাউসটির নাম অগ্রণী রেমিট্যান্স হাউস কানাডা ইনক। ইতিমধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় হাউসটি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এতে অনুমতি দিয়েছে। চলতি মাসেই শেষ হচ্ছে এক্সচেঞ্জ হাউসটির শেষ রেমিট্যান্স গ্রহণ।
অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের এক্সচেঞ্জ হাউস ছিল অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। অস্ট্রেলিয়া ও কানাডার হাউস বন্ধের ফলে এক্সচেঞ্জ হাউস থাকবে আর দুটি দেশে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির চেয়ারম্যান জায়েদ বখতও। তিনি প্রথম আলোকে বলেন, লোকসান দিয়ে দেশের বাইরে এক্সচেঞ্জ হাউস রাখা সম্ভব না। এ কারণে কানাডার এক্সচেঞ্জ হাউসটি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে অন্য দুটি দেশের এক্সচেঞ্জ হাউস মুনাফা করছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ২০১১ সালে অগ্রণী ব্যাংক কানাডার বাঙালি-অধ্যুষিত টরন্টোতে এক্সচেঞ্জ হাউস খোলার অনুমতি নেয়। এরপর ২০১২ সালের ৩১ মে ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ হাউসটির উদ্বোধন করেন। ২০১৫ সালের ২৯ মে শাখার উদ্যোগে বড় ধরনের গ্রাহক-সমাবেশও করা হয়। ওই সমাবেশে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (অবসরে) গকুল চাঁদ দাস, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (গ্রেপ্তার হওয়া) মিজানুর রহমান খানসহ ব্যাংকটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা যোগ দেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, চালুর পর থেকে গত জুন পর্যন্ত রেমিট্যান্স হাউসটি ৩ লাখ ২৫ হাজার কানাডীয় ডলার (বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি) লোকসান দেয়। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদে এক্সচেঞ্জ হাউসটি বন্ধের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি সময়ে হাউসটি রেমিট্যান্স গ্রহণ বন্ধ করে দেবে। এরপর স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বন্ধ হয়ে যাবে অগ্রণী রেমিট্যান্স হাউস কানাডা ইনক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা অগ্রণী ব্যাংকের এক্সচেঞ্জ হাউসটি বন্ধের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হাউসটির মাধ্যমে কানাডা থেকে যে পরিমাণ রেমিট্যান্স আসত, তার আয় দিয়ে পরিচালনা ব্যয় নির্বাহ করা যায়নি। এ ছাড়া স্থানীয় একটি ব্যাংকও হাউসটির হিসাব বন্ধ করে দেয়। ফলে কোনোভাবেই হাউসটি চালু রাখা সম্ভবপর হচ্ছিল না। এ কারণে হাউসটি বন্ধ করতে বাধ্য হয় অগ্রণী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রেমিট্যান্স-প্রবাহ বাড়ানোর লক্ষ্যে ২০০৯-১১ সময়কালে চাহিবামাত্র এক্সচেঞ্জ হাউস খোলার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে ওই তিন বছরেই প্রায় ৭০টি এক্সচেঞ্জ হাউস খোলার অনুমতি পায় ব্যাংকগুলো। তবে এর মধ্যে ৩৬টি চালু হয়। লোকসানে পড়ে এক্সিম ব্যাংক তার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার এক্সচেঞ্জ হাউস বন্ধ করে দিয়েছে। একই কারণে যুক্তরাজ্যেও রেমিট্যান্স এক্সচেঞ্জ হাউস বন্ধ করে দেয় কয়েকটি ব্যাংক।