এবার বাতিল ৪৪৫ সদস্যপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অভিযোগে চলতি বছর ৪৪৫ তৈরি পোশাক কারখানার সদস্যপদ বাতিল করেছে বিজিএমইএ। ফলে ২০০২ সাল থেকে এ পর্যন্ত সংগঠনটির সদস্যপদ হারাল ঢাকা ও চট্টগ্রামের এক হাজার ৬৫৪ প্রতিষ্ঠান।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের সভায় গতকাল মঙ্গলবার পোশাক কারখানাগুলোর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সদস্যপদ বাতিল হওয়া কারখানাগুলোর মধ্যে ঢাকা অঞ্চলের ৩৪১ ও চট্টগ্রামের ১০৪টি প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০২ সালে ৫০২, ২০১২ সালে ৫৮৬ ও গত বছর ১০১টি বাতিল হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে ২০টি প্রতিষ্ঠান নিজেরাই আবেদন করে সদস্যপদ বাতিলের জন্য।
সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানায় বিজিএমইএ। এতে বলা হয়, বিজিএমইএর সংঘবিধি অনুসারে বার্ষিক চাঁদা সময়মতো পরিশোধ না করা, বিভিন্ন প্রেক্ষাপটে সমিতির ধার্য করা চাঁদা না দেওয়া ও বিভিন্ন
সময়ে কমপ্লায়েন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন কারণে কারখানাগুলোর সদস্যপদ বাতিল করা হয়েছে। এতে সংগঠনের সদস্যসংখ্যা পাঁচ হাজার ৮৭৬ থেকে কমে চার হাজার ২২২-তে দাঁড়াল।
সংগঠনের সহসভাপতি শহিদউল্লাহ আজিম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সদস্যপদ বাতিল করার আগে প্রতিষ্ঠানগুলোকে আমরা একাধিকার নোটিশ দিয়েছি। যারা উৎপাদনে নাই এবং গত তিন বছর ধরে যারা চাঁদা দিচ্ছে না, তাদেরই সদস্যপদ বাতিল হয়েছে। এটি চলমান প্রক্রিয়া।’
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকেরা গত বছর রানা প্লাজা ধসের পর পরিদর্শন করে তিন হাজার ৪৯৮টি পোশাক কারখানার অস্তিত্ব পান। এ ছাড়া বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স এবং বুয়েট ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সব মিলিয়ে তিন হাজার ৬৭৯ পোশাক কারখানা পরিদর্শন করবে। তার মানে বর্তমানে বিজিএমইএ তাদের সদস্যসংখ্যা যা বলছে, বাস্তবে কারখানা তার চেয়ে কয়েক শ কম।
এ সম্পর্কে জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম একমত পোষণ করে বলেন, প্রকৃত সংখ্যা এমনই হওয়ার কথা। শিগগিরই আরও কয়েক শ কারখানার সদস্যপদ বাতিল করা হবে বলে জানান তিনি।