এবার বেগুন আমদানি করছে এফবিসিসিআই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের বাকি দিনগুলোতে বাজারে বেগুনের মূল্য স্থিতিশীল রাখতে দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) দেশের বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন আমদানিকারকের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে বেগুন আমদানির ব্যবস্থা করছে।

আমদানি করা এসব বেগুন বাজারে এলে দু-এক দিনের মধ্যে বাজারে মূল্য স্থিতিশীল হবে বলে এফবিসিসিআই মনে করে।

অবশ্য গত শুক্রবার মধ্যরাতে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত বাজার অভিযান শেষে বেগুনের খুচরা মূল্য ঘোষণা করা হয়। বাজারে ওই দিন মানভেদে ৫৫ থেকে ৮০ টাকায় বেগুন বিক্রি হলেও এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন খুচরা মূল্য ঘোষণা করেন ৯০ থেকে ১০০ টাকা। এতে পরদিনই বাজার চড়ে যায়।

এফবিসিসিআই বলছে, গত বছর রমজানে কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে এফবিসিসিআই জরুরি ভিত্তিতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেছিল। এতে বাজারমূল্য স্থিতিশীল ছিল। 

প্রতিবাদ: ‘মধ্যরাতে দাম বাড়ানোর নাকট!’ শিরোনামে গতকাল রোববার প্রথম আলোর ১৫ পাতায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন। প্রতিবাদে হেলাল উদ্দিন বলেন, গত শুক্রবার রাতে আমি এবং কয়েকটি সরকারি সংস্থার সদস্য একযোগে রাজধানীর কারওয়ান বাজারে বিভিন্ন পণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাই। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি প্রথম আলোতে বিষয়টিকে অত্যন্ত নেতিবাচকভাবে ‘যৌথ অভিযান’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

হেলাল উদ্দিন বলেন, ওই দিন বাজার পর্যবেক্ষণ করতে গিয়ে দেখতে পাই যে, পাইকারি বাজারে ভালো মানের বেগুন ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে আমি মন্তব্য করি, খুচরা বাজারে বেগুনের দাম সর্বোচ্চ ৯০ টাকার বেশি হওয়ার সুযোগ নেই। এই মূল্য কেবল ওই দিনের জন্য। পাইকারি বাজারে দামের ওঠানামার ভিত্তিতে প্রতিদিনের বাজারমূল্য নির্ধারিত হবে।