এবারের ভালোবাসা দিবস সামনে রেখে ভারত থেকে গোলাপ ফুলের জাহাজীকরণ বেড়েছে আগের বছরের তুলনায় ১৫ শতাংশ। জাহাজীকরণের যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এই মৌসুমের এক কোটি ৩০ লাখ কাণ্ডযুক্ত গোলাপ রপ্তানি হবে বলে আশা করছেন পুনেভিত্তিক ইন্ডিয়ান সোসাইটি অব ফ্লোরিকালচার প্রফেশনালসের সভাপতি প্রবীণ শর্মা।তবে সরবরাহ আদেশ বাড়লেও এ বছর ফুল সরবরাহে রপ্তানিকারকদের তেমন হিমশিম খেতে হবে না। কারণ, পুনে ও দক্ষিণ গুজরাটসহ দেশটির নতুন নতুন স্থানে ফুলের চাষ ও উৎপাদন অনেক বেড়েছে। খবর বিজনেস লাইনের।রপ্তানিকারকেরা মনে করছেন, এই বছর কর্মব্যস্ত দিনে ভালোবাসা দিবস হবে বিধায় বিক্রির সম্ভাবনা বেশি। তাই এবার সরবরাহ আদেশও বেশি।ভারতে ফুল রপ্তানির আদেশ আসছে মূলত ইউরোপের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, পশ্চিম এশিয়া ও জাপান থেকে।বর্তমানে বিশ্বের ফুল রপ্তানির বাজারে আধিপত্য করছে কেনিয়া, ইথিওপিয়া, ইকুয়েডর ও কলম্বিয়া। আর বিশ্ববাজারের মোট রপ্তানির এক শতাংশের কিছু কম পরিমাণ ফুল রপ্তানি করে থাকে ভারত। ২০১০-১১ অর্থবছরে ভারতের ফুল রপ্তানি থেকে আয়ের পরিমাণ ছিল ২৮৬ কোটি ৪৫ লাখ ভারতীয় রুপি।