এবার মাছ ধরার জালে শুল্ক আরোপের উদ্যোগ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মাছ ধরার বাংলাদেশি জাল রপ্তানিতে শুল্ক আরোপের পথে হাঁটছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির সংশ্লিষ্ট সংস্থা অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিজ (ডিজিএডি) বাংলাদেশি পণ্যটির বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করার উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়ায় তদন্ত শেষে ডাম্পিংয়ের প্রমাণ পেলে শুল্ক আরোপ করা হয়।

এর আগে ভারত বাংলাদেশি পাটপণ্যের ওপর একই প্রক্রিয়ায় উচ্চহারে শুল্ক আরোপ করেছে। এ ছাড়া তদন্ত শেষে ডাম্পিংয়ের প্রমাণ পেয়েছে হাইড্রোজেন পার-অক্সাইড নামের অপর পণ্যের ক্ষেত্রে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, বাংলাদেশ একমাত্র ভারতেই মাছ ধরার জাল রপ্তানি করে। ২০১৫-১৬ অর্থবছরে এ পণ্য রপ্তানি করে আয় হয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি ৩১ লাখ টাকা। এর আগের বছর, অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে ভারতে মাছ ধরার জাল রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছিল প্রায় ২৩ লাখ ডলার।

কোনো দেশের কোনো কোম্পানি নিজের দেশের বাজারে বিক্রীত দামের চেয়ে কম দামে পণ্য রপ্তানি করলে তাকে ডাম্পিং হিসেবে গণ্য করতে পারে আমদানিকারক দেশ। বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম মেনে তদন্ত করে ডাম্পিংয়ের প্রমাণ মিললে ওই পণ্যের ওপর শুল্ক আরোপ করতে পারে। বাড়তি শুল্ক বেশির ভাগ ক্ষেত্রে রপ্তানি আয় কমিয়ে দেয়।

ভারতে ডাম্পিংবিরোধী শুল্ক আরোপের তদন্তের কাজ করছে ডিজিএডি। সংস্থাটি গত ৩১ মার্চ তাদের ওয়েবসাইটে বাংলাদেশ ও চীনের মাছ ধরার জালের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরুর অবহিতকরণ বিজ্ঞপ্তি বা ইনিশিয়েশন নোটিফিকেশন জারি করে। এতে জানানো হয়, দেশটির মাছ ধরার জাল উৎপাদনকারী সমিতি বাংলাদেশ ও চীন থেকে জাল আমদানির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে তদন্ত শুরুর আবেদন করে। অবহিতকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ডিজিএডি দেশটির জাল উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পেয়েছে। এখন তারা পূর্ণ তদন্ত শুরু করবে।

আবেদনকারী ভারতীয় জাল উৎপাদনকারীরা তদন্তকাল হিসাবে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত সময়কে বিবেচনায় নেওয়ার কথা বলেছে। তবে ডিজিএডি ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৮ মাস সময়কে তদন্তকাল হিসেবে গণ্য করবে। অন্যদিকে শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা দেখা হবে ২০১২-১৩ থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত সময়কে বিবেচনায় নিয়ে।

অবহিতকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি রপ্তানিকারকেরা আত্মপক্ষ সমর্থন করতে চাইলে শুনানিতে অংশ নেওয়ার জন্য ৪০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এর পাশাপাশি ভারতীয় কর্তৃপক্ষ যে প্রশ্নপত্র পাঠাবে, তার উত্তর দিতে হবে। কোনো কোম্পানি সহযোগিতা না করলে সেই কোম্পানির বিরুদ্ধেও যে তথ্য পাওয়া যায় তা বিবেচনায় নিয়েই শুল্ক আরোপের সুপারিশ করবে ভারতীয় কর্তৃপক্ষ।

তবে এই তদন্ত শুরুর বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) হাতে এসে পৌঁছায়নি বলে জানা গেছে। এ কারণে বাংলাদেশ থেকে কোন কোন প্রতিষ্ঠান ভারতে পণ্যটি রপ্তানি করে, তা জানা যায়নি।

বাংলাদেশ ২০১৫-১৬ অর্থবছরে ভারত থেকে প্রায় ৫৪৫ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে রপ্তানি করেছে প্রায় ৬৯ কোটি ডলারের পণ্য। আগের বছরের তুলনায় বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ৩১ শতাংশ।