সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড ও এনভয় টেক্সটাইল লিমিটেডের পর এবার প্রাইমারি বাজার থেকে মুখ ফিরিয়ে নিল আরগন ডেনিমস লিমিটেড। বাজারের মন্দা অবস্থার কারণেই তাদের এই সিদ্ধান্ত। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা সংগ্রহ স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় এসইসি।এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আরগন ডেনিমসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আইপিওর চাঁদা গ্রহণের তারিখ আপাতত স্থগিত করা হয়েছে। চাঁদা নেওয়ার নতুন তারিখ পরে জানানো হবে।এসইসি সূত্রে জানা যায়, আরগন ডেনিমস লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৩৪ টাকা প্রিমিয়ামসহ ৪৪ টাকা ইস্যু মূল্যে আইপিওর অনুমোদন দেয় এসইসি। আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটির তিন কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৩২ কোটি টাকা ওঠানোর কথা ছিল। এর মধ্যে ৩০ কোটি টাকা অভিহিত মূল্য, বাকি ১০২ কোটি টাকা প্রিমিয়াম। আগামী ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির চাঁদা সংগ্রহের কথা ছিল।এর আগে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড ও এনভয় টেক্সটাইল লিমিটেড আইপিওর চাঁদা গ্রহণ স্থগিত করা হয়।এসইসি সূত্রে জানা যায়, এনভয় টেক্সটাইলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই প্রতিষ্ঠানটির আইপিওর চাঁদা সংগ্রহ (সাবস্ক্রিপশন) স্থগিত করে এসইসি। একই কারণে ১০ জুলাই সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের আইপিওর টাকা সংগ্রহের প্রক্রিয়া স্থগিত করা হয়। ২৯ জুলাই থেকে ২ আগস্ট এনভয় টেক্সটাইলের চাঁদা সংগ্রহের কথা ছিল। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ২৯ জুলাই থেকে ১১ আগস্ট।প্রতিষ্ঠানটির তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা ওঠানোর কথা ছিল। এ ক্ষেত্রে ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। উত্তোলিত অর্থ মেশিনারিজ ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। ২০১০-১১ অর্থবছরের আর্থিক নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৪২ টাকা।সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের আইপিওর আবেদন গ্রহণের (সাবস্ক্রিপশন) কথা ছিল গত ১৫ থেকে ১৯ জুলাই। ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছিল প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।