
ভারতের সাধারণ ভোটারদের মতো ব্যবসায়ীরাও এখন নরেন্দ্র মোদির ‘জাদুর মোহে’ আচ্ছন্ন। নতুন এই প্রধানমন্ত্রী নির্বাচনী রাজনীতিতে ঝড় তোলার মতো অর্থনীতিতেও পরিবর্তনের জোয়ার বইয়ে দেবেন বলে আশা করছেন তাঁরা।
ভারতে ব্যবসায়রত বিদেশি তথা বহুজাতিক কোম্পানিগুলোর ৯৩ শতাংশ শীর্ষ নির্বাহী মনে করেন, নরেন্দ্র মোদি দ্রুত অর্থনৈতিক নীতিমালা বা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মাত্র বছর খানেকের মধ্যেই অর্থনীতিতে পরিবর্তন আনতে সক্ষম হবেন। এ নিয়ে অবশ্য ৭ শতাংশ ঊর্ধ্বতন নির্বাহী এখনো সংশয়-সন্দেহের মধ্যে রয়েছেন।
তবে বহুজাতিক কোম্পানিগুলোর ৮২ শতাংশ নির্বাহী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আগামী ১২ মাসের মধ্যেই ব্যবসায়-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবেন মোদি। তিনি গতকাল সোমবার ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন৷
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সদ্য পরিচালিত এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। জরিপের আলোকে ফিকি ভারতের নতুন সরকারকে দ্রুত ভূমি, শ্রম, বিদ্যুৎ, কর প্রভৃতি খাতে সংস্কার সাধনসহ আরও কয়েকটি পরামর্শ দিয়েছে। এসব পরামর্শের মধ্যে রয়েছে—মূল্যস্ফীতিকে একটি স্থিতিশীল পর্যায়ে রাখা, দুর্নীতি রোধ, অবকাঠামো উন্নয়ন, মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে পর্যালোচনা করা ইত্যাদি।
ফিকি তার ৭৬টি সদস্যপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ওপর জরিপটি পরিচালনা করে। এসব সিইও বলেন, অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কমে গেছে। বিশেষ করে শিল্প খাতের অবস্থা খুবই খারাপ, যা ইতিমধ্যে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় শিল্প খাতসহ অর্থনীতিকে চাঙা করে তোলাই হলো এখন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
ব্যবসা খাতের শীর্ষ নির্বাহীরা বলেন, বিনিয়োগের স্বার্থে শিগগির স্বচ্ছ প্রক্রিয়ায় ও ন্যায়সংগত দামে জমি অধিগ্রহণ এবং গ্যাস পাওয়ার সুযোগ করে দিতে হবে।
ফিকির জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, মোদি সরকারকে পণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে হবে।
সংগঠনটি ঋণের জন্য ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমানো এবং করপোরেট ঋণবাজার জোরদার করার তাগিদ দিয়েছে সরকারকে।
শেয়ারবাজার: এদিকে নতুন সরকার গঠন ও নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিন গতকাল সোমবার ভারতের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা মাত্রাতিরিক্ত প্রত্যাশায় মেতে ওঠেননি। বরং নতুন সরকারে কারা মন্ত্রী হচ্ছেন, সেটি ভেবে সতর্ক কেনাবেচাতেই মনোযোগ দিয়েছেন।
অবশ্য দিনের প্রথম ভাগে বিনিয়োগকারীরা অস্থিরতার মধ্যেই ছিলেন। যে কারণে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স মূল্যসূচক বেড়ে একপর্যায়ে ২৫ হাজার ১৭৫ পয়েন্টে উন্নীত হয়। এটিই হলো সেনসেক্স সূচকের সর্বকালের সর্বোচ্চ অবস্থান। পরে বিনিয়োগকারীরা নিজেদের সামলে নিয়ে সংযতভাবে কেনাবেচা করায় দিনের লেনদেন শেষে সূচকটি ২৪ হাজার ৭১৭ পয়েন্টে নেমে আসে। তবে শেষের দিকে সামলে নেন নিজেদের। এদিন বিএসইর ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ চার লাখ ৭৪ হাজার কোটি টাকার লেনদেন হয়।
মুদ্রাবাজার: শেয়ারবাজারের মতো মুদ্রাবাজারের কারবারিরাও গতকাল মন্ত্রিসভায় কাদের নেওয়া হয় তা দেখার অপেক্ষায় ছিলেন। যে কারণে মুদ্রাবাজারে সংযত আচরণও পরিলক্ষিত হয়। এতে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রুপির বিনিময় হার পড়ে যায়। প্রতিটি ডলার কেনাবেচা হয় ৫৮ দশমিক ৮৩ রুপিতে। সর্বশেষ লেনদেন দিবস গত শুক্রবারে এই হার ছিল ৫৮ দশমিক ৫২। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।