চাল ও রড নিয়ে ট্রানজিটের দ্বিতীয় চালান এসেছে। গত বৃহস্পতিবার এমভি মাস্টার সুমন-১ নামে একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছে। আজ রোববার থেকে জাহাজ থেকে পণ্য নামিয়ে ট্রাকে তোলা হবে। কাল সোমবার সড়কপথে ত্রিপুরার রাজধানী আগরতলা যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, এ জাহাজে দুই ধরনের পণ্য রয়েছে। এর মধ্যে ৬৪৮ টন লোহা এবং ৩৩৮ টন চাল রয়েছে। এটি নৌপথে ট্রানজিট চালু করার পর দ্বিতীয় চালান। ট্রানজিট পথটি হলো কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে; আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে ৪৭ কিলোমিটার সড়কপথে যাবে আগরতলা। গত জুন মাসে নৌ প্রটোকলের আওতায় এ পথে নিয়মিত ট্রানজিট চালু হয়। প্রতি টনে ১৯২ টাকা মাশুল আরোপ করা হয়। উদ্বোধনী চালানের পর এমভি সুমন-১ দ্বিতীয় চালান নিয়ে এল। বর্তমানে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দর জেটিতে নোঙর করে আছে।
এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক শাহ আলম গতকাল সন্ধ্যায় বলেন, মাশুল আরোপ করেই এ চালানের পণ্য খালাস করা হচ্ছে। আগামীকাল (রোববার) জাহাজ থেকে পণ্য নামানো শুরু হবে।
আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর ভারতের কলকাতার বজবজ বন্দর থেকে চাল ও রড নিয়ে রওনা হয় জাহাজটি। চাল ও রড আগরতলায় নিয়ে সেখান থেকে তা ভারতের ‘সেভেন সিস্টার’ নামে খ্যাত বিভিন্ন রাজ্যে পাঠানো হবে।
কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ এবং আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া পর্যন্ত ভারতীয় চাল পরিবহনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড। তবে আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত পণ্য পরিবহনের উপঠিকাদারি আশুগঞ্জের মেসার্স বিসিসিকে দিয়েছে আনবিস। মেসার্স বিসিসির স্বত্বাধিকারী আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, রোববার সারা দিন এসব পণ্য ট্রাকে তোলা হবে। রড যাবে খোলা ট্রাকে; আর চাল কাভার্ড ভ্যানে যাবে। প্রথম দিনে ২০ ট্রাক পণ্য পাঠানো হবে বলে জানান তিনি।
কয়েক বছর ধরেই ভারত এ পথটি ব্যবহার করে ট্রানজিট নিতে আগ্রহ দেখিয়ে আসছে। ভারতের আগ্রহে পাঁচ বছর আগে ২০১১ সালে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এ পথে তিনটি পরীক্ষামূলক চালানে লোহা ও লোহাজাতীয় পণ্য আগরতলায় গিয়েছিল। উদ্দেশ্য ছিল নৌ প্রটোকলের আওতায় এ বহুমাত্রিক পথে ভারতকে ট্রানজিট দেওয়া। পরীক্ষামূলক চালান পরিবহনের পর বাংলাদেশের পক্ষ থেকে পর্যাপ্ত অবকাঠামো নেই বলে এ পথটি নিয়মিত করা হয়নি। কিন্তু ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এ পথটি নিয়মিত করার তাগিদ দেওয়া হয়েছে। এরপর গত বছরের শেষ দিকে এ পথে মাশুল নিয়ে ট্রানজিট দেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। ইতিমধ্যে বেশ কিছু চালানের অনুমতির আবেদন বিআইডব্লিউটিএতে জমা পড়েছে বলে জানা গেছে।