চলতি ২০১০-১১ অর্থবছরের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৮৫০ কোটি ডলার। এটি গত অর্থবছরের প্রকৃত রপ্তানি আয়ের চেয়ে ১৪ দশমিক ২০ শতাংশ বেশি। গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়। বাণিজ্যসচিব গোলাম হোসেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব জাফর আহমেদ খান, অতিরিক্ত বাণিজ্যসচিব এম মুর্তজা রেজা চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কুমার রায়, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ তসলিম সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, এমসিসিআই, হিমায়িত মৎস্য, চামড়া, সবজি, সফটওয়্যার, প্লাস্টিক খাতসহ প্রধান প্রধান রপ্তানিকারক সমিতির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্বমন্দা কেটে যাওয়ায় উন্নত দেশগুলো বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে পণ্য কিনবে। সেটি বিবেচনায় নিয়েই লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। ২০০৯-১০ অর্থবছরের শেষ চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ভালো হওয়ার কথা উল্লেখ করে ফারুক খান বলেন, আগামী দিনে এ ধারা অব্যাহত থাকবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎ-সংকট ভবিষ্যতে থাকবে না। ন্যূনতম মজুরি ঘোষণা হয়ে যাওয়ায় শ্রম অসন্তোষের আশঙ্কা নেই। ২০০৯-১০ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৭৬০ কোটি ডলার। বিপরীতে রপ্তানি আয় হয় এক হাজার ৬২০ কোটি ডলার, যা তার আগের বছরের অর্জিত রপ্তানি আয় এক হাজার ৫৬৫ কোটি ডলার থেকে ৪ দশমিক ১১ শতাংশ বেশি। তবে বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত রপ্তানি আয় হয় ৮ শতাংশ কম। চলতি বছরের জন্য নিট পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৭১৩ কোটি ১৬ লাখ ডলার। আর ওভেন পোশাক রপ্তানি থেকে আয়ের জন্য এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৬১ কোটি ৪৭ লাখ ডলার। গত অর্থবছরের তুলনায় উভয়টিরই লক্ষ্যমাত্রা ১০ শতাংশ বেশি। চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা সবচেয়ে বেশি ৪১ দশমিক ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে। এ খাতে লক্ষ্যমাত্রা ১১১ কোটি ১৩ লাখ ডলার। পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বড় ধরনের উল্লম্ফন এবং বাংলাদেশি বিজ্ঞানীর পাটের জন্মরহস্য উদ্ঘাটন আগামী দিনগুলোয় এই খাতে রপ্তানির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।লক্ষ্যমাত্রা বৃদ্ধির দিক থেকে এর পরের অবস্থানেই রয়েছে হোম টেক্সটাইল ও বাইসাইকেল। উভয়েরই লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৪০ শতাংশ করে। হোম টেক্সটাইলে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৫৬ কোটি ৩৫ লাখ ডলার। আর বাইসাইকেলে ধার্য করা হয়েছে ১৫ কোটি ৫২ লাখ ডলার। চামড়া রপ্তানি থেকে এ বছর ২৯ কোটি ৪০ লাখ ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের প্রকৃত রপ্তানি থেকে ৩০ শতাংশ বেশি। চামড়াজাত পণ্যে ২০ শতাংশ বাড়িয়ে তিন কোটি ৪৮ লাখ ডলার, পাদুকা খাতে ১৫ শতাংশ বাড়িয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা করা হয়েছে ২৩ কোটি ৫০ লাখ ডলার, কৃষিপণ্যে ৯ দশমিক ৮ শতাংশ বাড়িয়ে ২৬ কোটি ৬০ লাখ ডলার, রাসায়নিক পণ্যে ৮ শতাংশ বাড়িয়ে ১১ কোটি ১১ লাখ ডলার এবং হিমায়িত খাদ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৪৫ কোটি ডলার। রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাণিজ্যিক ও কূটনৈতিক মিশনগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় যথাযথ তদারক না করায় রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে তারা কোনো ভূমিকা রাখতে পারছে না। বিশ্বের বিভিন্ন দেশে (১৬টি বাণিজ্যিক শাখাসহ) ৪৪টি কূটনৈতিক মিশন রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, প্রতিবছর গড়ে ৪৫ থেকে ৫০টি দেশে পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশ। গত অর্থবছরে করেছিল ৪৫টি দেশে। ২০০৪-০৫ ও ২০০৫-০৬ অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এর পর থেকে গত চার অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এ প্রসঙ্গে বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘রপ্তানি বাড়াতে ভূমিকা রাখা তো দূরের কথা, মিশনগুলোতে সাহায্য চেয়েও পাওয়া যায় না। বাংলাদেশি পণ্যের নতুন বাজার সম্পর্কে কোনো তথ্যই দিতে পারে না তারা।’