চলতি ২০১১-১২ অর্থবছরে দেশের পণ্য রপ্তানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে দুই হাজার ৬৩৬ কোটি ৩০ লাখ ৪০ হাজার ডলার (এক লাখ ৯২ হাজার ৪৫০ কোটি টাকা)।এটি গত ২০১০-১১ অর্থবছরের অর্জিত রপ্তানি আয়ের চেয়ে মাত্র ১৫ শতাংশ বেশি। গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ২৯২ কোটি ৪৩ লাখ ডলার।এই আয় ২০১০-১১ অর্থবছরে রপ্তানির বার্ষিক লক্ষ্যমাত্রা এক হাজার ৮৫০ কোটি ডলারের চেয়ে প্রায় ২৪ শতাংশ এবং ২০০৯-১০ অর্থবছরের আয়ের চেয়ে সাড়ে ৪১ শতাংশ বেশি।গতকাল মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ২০১১-১২ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত এক সভায় নতুন বছরের পণ্য রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাণিজ্যসচিব গোলাম হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ (ইপিবি) অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে হোক আর দায়িত্বে অবহেলার কারণেই হোক, বিদেশে বাংলাদেশি মিশনগুলোর মধ্যে ১৭টি রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।এগুলো হচ্ছে: টোকিও, কায়রো, তেহরান, বেইজিং, ইসলামাবাদ, সিউল, জাকার্তা, কুয়ালালামপুর, ম্যানিলা, ইয়াঙ্গুন, দোহা, মানামা, আম্মান, ত্রিপোলি, মাসকাট, থিম্পু ও ব্রুনাই। ব্যর্থতার কারণ খুঁজে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। ফারুক খান আরও জানান, ৪৪টি মিশনের বিপরীতে ২০১১-১২ অর্থবছরে দুই হাজার ৫৭০ কোটি ২৯ লাখ ৩০ হাজার ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার প্রস্তাব করা হয়েছে। আর মিশনের বাইরের কয়েকটি দেশে আয়ের লক্ষ্যমাত্রা ৬৬ কোটি এক লাখ ১০ হাজার ডলার।সভায় গত অর্থবছরের রপ্তানির উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের জন্য রপ্তানিকারক ও শিল্পমালিকদের অভিনন্দন জানান বাণিজ্যমন্ত্রী। তিনি অবশ্য এও বলেন, এ অর্জনের পেছনে ব্যবসায়ীদের উদ্যমী মনোভাব এবং সরকারের সহযোগিতার পাশাপাশি শ্রমিকদের পরিশ্রম রয়েছে। এর মূল্যায়ন করতে হবে। দেশের এই অর্জন যাতে কোনোভাবেই বিনষ্ট না হয়, নজর রাখতে হবে সেদিকেও।বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, নিট পোশাক, ওভেন পোশাক, হোম টেক্সটাইল, ফুটওয়্যার, কাঁচা পাট, পাটজাত পণ্য, রাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ, প্লাস্টিক পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।